UP SIR: এসআইআরে ১ কোটি ২৭ লক্ষেরও বেশি হিন্দু ভোটারের নাম বাদ! চিন্তায় মুখ্যমন্ত্রী যোগী, কী করতে বললেন? | Uttar Pradesh CM Yogi Adityanath Claims Over 1 Crore Hindu Voters Name Deleted, Asks BJP Workers to get their Name Registered
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।Image Credit: PTI
লখনউ: এসআইআর নিয়ে উদ্বেগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীই। উত্তর প্রদেশে এসআইআরের পর ভোটার তালিকা থেকে এক কোটিরও বেশি হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিজেপি কর্মীদের কাছে আর্জি জানালেন যে বৈধ ভোটার, যাদের নাম বাদ গিয়েছে, তাদের যেন চিহ্নিত করা হয় এবং ভোটার তালিকায় ফের নাম তুলতে সাহায্য করা হয়।
শনিবার বিজেপির রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন যে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। বহু মানুষের নাম ভোটার তালিকায় তোলাই হয়নি।
মুখ্যমন্ত্রীর দাবি, পঞ্চায়েত ভোটের সময় ভোটার লিস্টে যাদের নাম ছিল, এমন ৬৬ লক্ষ ভোটারের নাম এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। প্রায় ৫৫ লাখ সরকারি স্কিমের উপভোক্তাদের নামও ভোটার তালিকায় নেই। প্রায় সাড়ে চার লক্ষ যুবক-যুবতী, যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে, তাদের নামও ভোটার তালিকায় নেই। মোট ১ কোটি ২৭ লক্ষেরও বেশি হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করেন যোগী আদিত্যনাথ।
তিনি বিজেপি কর্মীদের অনুরোধ করেন যে প্রতিটি বুথে গিয়ে তারা যেন যাচাই করে। যে সকল বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, তাদের যেন রেজিস্ট্রেশন করাতে সাহায্য করা হয়। এর জন্য বুথ লেভেল অফিসারদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। সাংসদ, বিধায়ক থেকে বুথ স্তরের কর্মীদের এই দায়িত্ব নিতে বলেছেন।
সাধারণ মানুষের কাছে আর্জি জানান যে সকলের নাম ভোটার তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশে আগে ১৬ কোটি ভোটার ছিল। বর্তমানে এসআইআরের পর ভোটার তালিকা থেকে ২.০৪ কোটিরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। আবার ৮৪ লক্ষেরও বেশি নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। বর্তমানে রাজ্যের ভোটার সংখ্যা ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২।