রাস্তায় পড়ে অশীতিপর বৃদ্ধ, গাড়ি থেকে নেমে শুশ্রূষা বিধায়কের - 24 Ghanta Bangla News
Home

রাস্তায় পড়ে অশীতিপর বৃদ্ধ, গাড়ি থেকে নেমে শুশ্রূষা বিধায়কের

Spread the love

এই সময়, আরামবাগ: মানবিক মুখ দেখল এবার গোঘাটের মানুষ। এক অশীতিপর অসুস্থ বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখে, তড়িঘড়ি নিজের গাড়ি থামিয়ে তাঁর সেবা–শুশ্রূষা করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। গোঘাটের পাণ্ডুগ্রামের এই ঘটনায় এলাকার মানুষজনও হতবাক হয়ে যান। হুহু শব্দে দামি গাড়িটি হঠাৎই থেমে গেল। সাদা পায়জামা–পাঞ্জাবি পরা এক ব্যক্তি তাঁর গাড়ি থেকে নেমেই ছুটে গেলেন এক অসুস্থ বৃদ্ধের দিকে। এই বৃদ্ধ রাস্তায় পড়েছিলেন।

গোঘাটের বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার তাঁকে নিজের হাতে তুলে নিয়ে গিয়ে জল পান করালেন, শুশ্রূষা করলেন। চিকিৎসার ব্যবস্থা করালেন। জানা গিয়েছে, অসুস্থ এই বৃদ্ধের নাম দামোদর গোস্বামী। তাঁর বাড়ি গোঘাটের পাণ্ডুগ্রামে। তিনি বলেন,‘যেতে যেতে মাথাটা ঘুরে গিয়ে পড়ে গিয়েছিলাম। আমাদের বিধায়ক সাহেব আমাকে ভালো করার অনেক চেষ্টা করেছেন। আমি সুস্থ বোধ করেছি। তার পর উনি ওঁর লোকজন মারফত আমাকে বাড়িতে পৌঁছে দিলেন। উনি না থাকলে কী যে হতো, জানি না।’

প্রশান্ত দিগার বলেন, ‘আমি কী এমন করেছি! এটা তো আমার কর্তব্য বলেই আমি মনে করেছি। বিধায়কের পরিচয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে মানবিকতার খাতিরে আমি ওঁর সেবা করেছি। এক বৃদ্ধ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আছেন, আর আমি দেখেও চলে গেলে সেটা কি মানবিকতা হতো? ওঁর সুস্থতাই আমার কাছে কাম্য ছিল। ওঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি ভালো আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *