চোরবাগানে বিপর্যয় কী ভাবে? পুলিশ–দমকলের সঙ্গে কথা সিটের
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন, ফোটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, ফরেন্সিক পরীক্ষা এবং থ্রিডি স্ক্যানিংয়ের মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ। বৃষ্টির মধ্যে মণ্ডপের সামনে ভিড়ের চাপ কী ভাবে বাড়ল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি ছিল কি না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পিছনে ঠিক কী কারণ ছিল, সে সব খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়ে মাইকে ঘোষণা করা, ধৃত সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে মণ্ডপের জায়গায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত সোমবার মহাকরণে বৈঠক করে তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সিট–এর সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিপর্যয়ের কারণ জানাই এখন মূল লক্ষ্য সিট ও লালবাজারের।