Krishnanagar Lok Sabha Constituency: কার পাশে কৃষ্ণনগর? প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হাসবে কে? – Bengali News | Who will win in Krishnanagar? people will give their mandate on May 13
কৃষ্ণনগরে কে জিতবেন? সোমবার, ১৩ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
কৃষ্ণনগর: দীর্ঘদিন ছিল বামেদের দুর্গ। সত্যব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এখানে পদ্মফুলও ফুটেছিল একবার। আর এখন তৃণমূলের দখলে কৃষ্ণনগর। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে বিজেপি একটি আসন পায়। তৃণমূল জেতে ৬টি আসন। বামেরা কোনও আসন পায়নি। চব্বিশের নির্বাচনে এই কেন্দ্রে যে দুই ফুলের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,২৪,৮৬৬। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২২.৭ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১.৭ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৩৬.৩ শতাংশ। গ্রামীণ ভোটার ৮৭.৩ শতাংশ। শহুরে ভোটার ১২.৭ শতাংশ।
উনিশের লোকসভা নির্বাচনে মূলত লড়াই হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে। দুই ফুলের লড়াইয়ের মাঝে অনেকটাই পিছনে ছিল সিপিএম। ৬৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। চব্বিশের নির্বাচনের কয়েকমাস আসেই টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। আবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। রাজনীতির কারবারিরা বলছেন, এবারও এই কেন্দ্রে জোর লড়াই হবে দুই ফুলের।
এই খবরটিও পড়ুন
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
তেহট্ট আসনে জিতেছিলেন তৃণমূলের তাপস কুমার সাহা। পলাশিপাড়ায় জয়ী হন তৃণমূলের মানিক ভট্টাচার্য। কালীগঞ্জে জেতেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ জয়ী হন। চাপড়ায় জেতেন তৃণমূলের রুকবানুর রহমান। কৃষ্ণনগর উত্তর আসনটি দখল করে বিজেপি। পদ্ম শিবিরের প্রার্থী হয়ে জয়ী হন মুকুল রায়। আর কৃষ্ণনগর দক্ষিণ আসনটি জেতেন তৃণমূলের উজ্জ্বল বিশ্বাস।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪০.৫ শতাংশ ভোট। তৃণমূল ৪৫.৩ শতাংশ, সিপিএম ৮.৯ শতাংশ ভোট পায়।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৭.৮ শতাংশ ভোট। তৃণমূল ৪৫.৮ শতাংশ, সিপিএম ৫.৭ শতাংশ ভোট পায়।
উনিশের নির্বাচনে জয়ী মহুয়া মৈত্রকেই এবার প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়। সিপিএমের প্রার্থী এস এম সাদি। শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, তা জানা যাবে ৪ জুন।