WBAA: তহুরার জার্সি বিতর্কের পরেই বাংলা অ্যাথলেটিক্স সংস্থায় রদবদল, বড় পদ পেলেন জ্যোতির্ময়ী শিকদার | Bengal Athletics Gets New Secretary After 12 Years, Jyotirmoyee Sikdar Replaces Kamal Moitra
কলকাতা: বাংলা অ্যাথলেটিক্স সংস্থায় বড় পরিবর্তন। দীর্ঘ ১২ বছর পর সচিবের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কমল মৈত্র। তাঁর বদলে নতুন সচিব হচ্ছেন প্রাক্তন অলিম্পিয়ান ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত জ্যোতির্ময়ী শিকদার। শুধু সচিব পদেই নয়, সংস্থার নয়া সভাপতি পদেও আসছে নতুন মুখ। দায়িত্ব পাচ্ছেন বাংলার দুই প্রাক্তন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায় ও সরস্বতী সাহা। তবে সভাপতি পদে কোনও পরিবর্তন হচ্ছে না।
রাজ্য অ্যাথলেটিক্স সংস্থায় এই পরিবর্তন এমন সময় হচ্ছে, যখন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলার অ্যাথলিটদের জার্সি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তরুণ ক্রীড়াবিদ তহুরা খাতুনের প্রতিবাদ, সচিব কমল মৈত্রের প্রতিক্রিয়া ও পরে তহুরার ক্ষমা চাওয়া – সব মিলিয়ে রাজ্যের অ্যাথলেটিক্স মহলে আলোচনা তুঙ্গে। ২০১৪ সাল থেকে এই পদে ছিলেন কমল মৈত্র। এবার তাঁর বদলেই এলেন জ্যোতির্ময়ী। তিনি ২০০০ সালের সিডনি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে ৮০০ ও ১০০০ মিটারে সোনা জিতেছিলেন তিনি। তাঁর সঙ্গে সংস্থার সহ-সভাপতি পদেও আসছে পরিবর্তন। বাংলার দুই পরিচিত প্রাক্তন ক্রীড়াবিদ সুস্মিতা সিংহ রায় ও সরস্বতী সাহাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, রাজ্য অ্যাথলেটিক্স সংস্থায় সভাপতি পদে থাকছেন বিবেক সহায়। অর্থাৎ, সভাপতি পদে কোনও পরিবর্তন হচ্ছে না।
তহুরা খাতুন বিতর্ক-
চেন্নাইয়ে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন ভাঙড়ের প্রতিভাবান অ্যাথলিট তহুরা খাতুন। কিন্তু সেখানেই চূড়ান্ত অব্যবস্থার শিকার তাঁরা। অ্যাথলিটদের জন্য নেই স্লিভলেস জার্সি। বাধ্য হয়ে কাঁচি দিয়ে নিজেরাই জার্সি কেটেছেন তহুরারা। এই ঘটনা সমাজমাধ্যমে পোস্ট করে জানান তিনি। এরপরই শুরু হয়েছে বিতর্ক। সেই সময় কমল মৈত্রর বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, তহুরার উচিত ছিল তাঁকে একবার বিষয়টি জানানো। সরাসরি সোশাল মিডিয়াতে পোস্ট করার বিষয়টি তিনি ভাল ভাবে নেননি। পরে ক্ষমা চেয়েও একটি ভিডিও পোস্ট করেন তহুরা।
তবে এবার জ্যোতির্ময়ীর সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। একদিকে যেমন প্রতিভাবান ক্রীড়াবিদদের উপযুক্ত পরিকাঠামো, প্রশিক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থার উন্নতি দরকার তেমনই তাঁর সময় যাতে আর বাংলার ক্রীড়াবিদদের এমন জার্সি সমস্যায় পড়তে না হয়, সেই দিকে নজর দেওয়াও লক্ষ্য হবে তাঁর।