Sanjay Gupta: প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত, কী হয়েছিল? | Bollywood director sanjay gupta passes away - 24 Ghanta Bangla News
Home

Sanjay Gupta: প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত, কী হয়েছিল? | Bollywood director sanjay gupta passes away

Spread the love

বলিপাড়ায় ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড ছবির পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। সূত্রের খবর শুক্রবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, নিজের বাড়ির বাথরুমে আচমকা পড়ে যান এই পরিচালক এবং তার পরপরই তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি।

সঞ্জয় গুপ্তের পরিচালনা জীবনের অন্যতম বড় মাইলফলক ছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর দীর্ঘদিনের জুটি। এই জুটি একসঙ্গে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ (২০০৭)-র মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। ১৯৯১ সালের ঐতিহাসিক লোখন্ডওয়ালা এনকাউন্টারের প্রেক্ষাপটে তৈরি ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ ছবিটি তিনি সহ-লেখন ও প্রযোজনাও করেছিলেন। এর পর ২০১৩ সালে তিনি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। অ্যাকশন ও ক্রাইম ড্রামার পাশাপাশি অন্যান্য ঘরানার সিনেমাতেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি; যার মধ্যে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫) এবং হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭) অন্যতম।

এছাড়াও তাঁর পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে একাধিক গল্পের সংকলন ‘দশ কাহানিয়াঁ’ (২০০৭), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (২০০৯) এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বই সাগা’ (২০২১)। ২০০১ সালে প্রতিষ্ঠিত নিজের প্রযোজনা সংস্থা ‘হোয়াইট ফেদার ফিল্মস’-এর ব্যানার থেকে তিনি বেশ কয়েকটি সফল প্রজেক্ট প্রযোজনাও করেছেন।

পরবর্তী সময়ে তিনি মীজান জাফরি ও হর্ষবর্ধন রানে অভিনীত ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ (২০২৪) এবং রিতেশ দেশমুখ ও ফারদিন খান অভিনীত ‘বিস্ফোট’ (২০২৪) সিনেমা দুটি নির্মাণ করেন। পূর্ণাঙ্গ পরিচালনা শুরু করার আগে সঞ্জয় গুপ্ত পোস্ট-প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনের কাজ করতেন। এমনকী, পরিচালক পঙ্কজ পরাশরের সহকারী হিসেবে জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক ‘করমচান্দ’ এবং ‘জলওয়া’ ছবিতেও কাজ করেছিলেন তিনি।

স্টাইলিশ অ্যাকশন দৃশ্য, ক্রাইম থ্রিলার কেন্দ্রিক কাহিনি এবং আধুনিক শহুরে আবহ— নিজের এই স্বতন্ত্র নির্মাণশৈলীর দৌলতে মূলধারার হিন্দি চলচ্চিত্রে এক অবিসংবাদিত নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সঞ্জয় গুপ্ত। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বি-টাউনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *