সব প্রশ্নেই মিলবে না উত্তর,ChatGPT-তে আরও কড়াকড়ি নিয়ম, কী বদল আনছে OpenAI? - 24 Ghanta Bangla News
Home

সব প্রশ্নেই মিলবে না উত্তর,ChatGPT-তে আরও কড়াকড়ি নিয়ম, কী বদল আনছে OpenAI?

Spread the love

সম্প্রতি মৃগী রোগে আক্রান্ত এক মহিলার মৃত্যুতে দায়ী OpenAI, এমন একটি অভিযোগে নড়েচড়ে বসেছে পুরো AI দুনিয়া। মৃগী রোগে ভুগছিলেন বাওয়েন ওয়ান (৩১)। নিয়মিত ওষুধ খেতেন। কিন্তু অভিযোগ ওঠে, ChatGPT-এর সঙ্গে শলা-পরামর্শ করে আচমকা নাকি তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আর তার কয়েক দিন পরেই মৃত্যু হয় ওয়ানের। এই ঘটনায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ঘাড়েই সব দায় চাপিয়েছেন মৃতের বাবা-মা কুন ওয়ান এবং মেইকিন জু।

AI-এর বিরুদ্ধে মামলা

এমনকী গত মঙ্গলবার OpenAI-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। শুধু তাই নয়, মা-বাবা অভিযোগ তোলেন, ২০২৫-এর মে মাস থেকেই তাঁদের মেয়ে ঘণ্টার পর ঘণ্টা OpenAI-এর সঙ্গে কথা বলতেন। পরিবারের সদস্যদের থেকে বেশি আপন হয়ে উঠেছিল AI। মৃতের মা-বাবার অভিযোগ, ২০২৬-এর জানুয়ারি থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন বাওয়েন।

তবে এই অভিযোগ কতটা সত্যি সে নিয়ে কাটাছেঁড়া চলছে। তবে AI যে দিন দিন মানব সভ্যতার অন্তর্নিহিত ভিতকে নাড়িয়ে দিতে পারে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের তাবড় প্রযুক্তিবিদদের একাংশ।

আর এর রাশ টানতেই এ বার কিশোর-কিশোরীদের জন্য ChatGPT-তে আরও কড়াকড়ি নিয়ম আনতে চলেছে OpenAI।

AI কি সব বিপদের মূূল?

বর্তমানে AI-এর সাহায্যে পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন নানা প্রশ্নের উত্তর সহজেই খুঁজে নেয় কিশোর-কিশোরীরা। কিন্তু সেই প্রশ্ন যদি অস্ত্র বা নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার সংক্রান্ত হয়, তা হলে এ বার থেকে আরও সতর্ক থাকবে ChatGPT—এমনটাই জানিয়েছে OpenAI। এর একটি লক্ষ্য হলো AI ব্যবহারের মাধ্যমে যে হিংসা ও বিপদ ছড়াচ্ছে তার ঝুঁকিকে কমানো।

কিশোরদের জন্য কী কী বদল আনছে OpenAI?

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী OpenAI ৩০ অক্টোবর জানিয়েছে ১৮ বছরের কম বয়সিরা অস্ত্র ও নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত তথ্য জানার জন্য তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করলে তাতে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হবে। ইউজ়ারদের করা কোনও প্রশ্নে হিংসার ইঙ্গিত থাকলে OpenAI-এর প্ল্যাটফর্মে তার কাঙ্খিত উত্তর নাও পাওয়া যেতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে নতুন সিকিউরিটি সিস্টেম চালু করারও পরিকল্পনা করছে স্যাম অল্টম্যানের কোম্পানি।

আরও কড়া হচ্ছে OpenAI

তবে শুধু কিশোর নয়, সকল বয়সের ইউজ়ারদের জন্যই নিয়মে বদল আসছে । OpenAI জানিয়েছে, এর আগে তাদের প্ল্যাটফর্মে বিভিন্ন দেশে যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রশ্ন করার সময়ে ব্যবহারকারীরা অস্ত্রের বিবরণ, সেগুলি কী ভাবে সংগ্রহ করা হয়েছিল এবং কী ভাবে ব্যবহার করা হয়েছে, হামলায় ক্ষতি কতটা হয়েছে, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। এগুলি পরবর্তীতে অপব্যবহার করা হয়েছে বলেও আশঙ্কা করেছে OpenAI। তাই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা বা বিধিনিষেধ আসতে পারে বলে জানানো হয়েছে। তবে হিংসা প্রতিরোধ করা, কী ভাবে বিপদের লক্ষণ চেনা যাবে এবং আক্রান্তদের অভিজ্ঞতা, যুদ্ধ পরিস্থিতি বা বিপদে কী ভাবে বাঁচা যাবে, এই ধরনের ‘লাইফস্কিল টেকনিক’ বোঝার ক্ষেত্রে AI-এর সাহায্য পাওয়া যাবে।

বিপদে সতর্কতা

এ ছাড়াও, কোনও চ্যাটে যদি হিংসার প্রতি অতিরিক্ত আসক্তি বা অন্যকে আঘাত করার প্রবণতা দেখা যায়, তবে ChatGPT-র AI এজেন্ট অটোমেটিক ভাবেই সেই চ্যাট বন্ধ করতে পারবে। শুধু তাই নয়, অ্যাকাউন্ট ব্যবহারকারী যদি বারবার এমন প্রশ্ন করতে থাকে, তবে তার অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিতে পারে বলেও জানিয়েছে OpenAI।

অভিভাবকদের জন্যও গুরুত্বপূর্ণ আপডেট

আত্মহত্যা, হিংসা, অপরাধ-সংক্রান্ত চ্যাট বারবার করলে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তার নোটিফিকেশন সরাসরি তাদের অভিভাবকদের ফোনে পাঠানো হবে বলেও পরিকল্পনা করছে OpenAI।

প্রযুক্তিবিদ ও AI বিশেষজ্ঞদের মতে, OpenAI-এর এই পদক্ষেপের মূল লক্ষ্যই হলো কিশোর-কিশোরীরা যাতে আরও নিরাপদ ভাবে AI ব্যবহার করতে পারে। তবে নতুন নিয়মগুলি বাস্তবে কতটা কার্যকর হবে এবং যুব সমাজের উপর তার কতটা প্রভাব পড়বে তা দেখাই এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *