'নিখোঁজ' হওয়ার আগে দীর্ঘক্ষণ 'বন্ধু'র সঙ্গেই, এক্স-বায়ুসেনা কর্মীর মৃত্যুতে নতুন মোড়!
এই সময়, ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ-কে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ‘নিখোঁজ’ হওয়ার আগে তাহসিফ দীর্ঘ সময় দীপের সঙ্গেই কাটিয়েছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।
মহম্মদপুরের বাড়ি থেকে পিবিআই দীপকে আটক করে। সূত্রের খবর, জেরার মুখে দীপ যে সব তথ্য জানিয়েছেন, তাতে পুলিশ মৃত্যুরহস্যে নয়া মোড় খুলতে পারে। তবে পরিবারের তরফে মামলা না-হওয়ায় দীপকে গ্রেপ্তার কিংবা জোরালো ভাবে তদন্ত করা যাচ্ছে না। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৃত্যুরহস্যের মূল তদন্ত করছে নৌ-পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় তদন্তে নেমেছে পিবিআই।
তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার পর্যন্ত মামলা করেনি তাঁর পরিবার। পুলিশ হয়তো স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে। তাহসিফের বাবার কথায়, দেশে ‘চমৎকার সরকার’ রয়েছে। মামলা করে অনর্থক ঝামেলায় জড়াতে নারাজ তাঁরা। তাহসিফের রহস্যজনক মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁ জানিয়েছেন, ‘যতটুকু তথ্য পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। যে বন্ধুকে আটক করা হয়েছে, তিনি তাহসিফের সঙ্গেই ছিলেন। তার বন্ধুর কথাবার্তা খুবই সন্দেহজনক। এই হত্যার পেছনে কে বা কারা জড়িত, তা বেরিয়ে আসবে।’ একইসঙ্গে তাঁর তোপ, ‘তাহসিফ হত্যার পর আওয়ামি লিগের নগ্ন উল্লাস দেখেছি। ফলে এই খুনের পিছনে আওয়ামির কোনও গুপ্তচর আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’
হাসিনা সরকার পতনের পরে এই তাহসিফের সোশ্যাল অ্যাক্টিভিটি ছিল সরকার-বিরোধী। হাসিনা পতনে উল্লসিত হয়ে বেশ কিছু স্টেটাসও দিয়েছিলেন তিনি। অথচ, মুহাম্মদ ইউনূসের আমলে চাকরি গেলেও তার বিরুদ্ধে কোনও মামলা করেননি তাহসিফ।