আলু চাষ কমানোর পরামর্শ দুধকুমারের
শুক্রবার চুঁচুড়ায় হুগলি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আলুচাষ কমাতে হবে। কারণ, রপ্তানি না হলে আলুর দাম পাবে না চাষিরা। আলুর ফলন যেহেতু বেশি হচ্ছে, আলু কম করে চাষ করে বিকল্প চাষে ঝুঁকতে হবে।’ চাষিদের দিকে তাকিয়ে হিমঘরে আলু রাখার মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। দুধকুমার জানান, এ বার ১৫টি জেলায় চাষিদের এক কুইন্টাল করে আলুবীজ বিনামূল্যে দেওয়া হবে। গত মরশুমে ঠিকঠাক আলুর দাম পাননি হুগলির চাষিরা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,‘আলুর বন্ডের দাম এ বার খুব কম। বিগত দিনগুলিতে আলু রপ্তানিতে বাধা ছিল। আগামী দিনে আলু নিয়ে সরকারের আলাদা চিন্তাভাবনা আছে। আশা করি এই জট কেটে যাবে। আলু রপ্তানি শুরু হলে চাষিরা লাভের মুখ দেখতে শুরু করবে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘সারের কালোবাজারি রুখতে হবে। বিগত সরকারের সময় ন্যায্য মূল্যের থেকে অধিক দামে চাষিকে সার কিনতে হতো। সেই কালোবাজারি কিছুটা বন্ধ হয়েছে। সেটাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে।’ সেই সঙ্গে তিনি জানান, কীটনাশক ব্যবহারের ফলে জমির নিজস্ব ক্ষমতা হারাচ্ছে। তাই জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী।