টাচস্ক্রিন MacBook এলেও macOS-এ বড় বদল ২০২৭-এ?
মুম্বই: প্রথম টাচস্ক্রিন MacBook Pro বাজারে আনার পরও macOS-কে পুরোপুরি টাচ-নির্ভর ব্যবহারের উপযোগী করে তুলতে তাড়াহুড়ো করতে চাইছে না Apple। সংস্থার নতুন ল্যাপটপে টাচস্ক্রিনের সুবিধা…
মুম্বই: প্রথম টাচস্ক্রিন MacBook Pro বাজারে আনার পরও macOS-কে পুরোপুরি টাচ-নির্ভর ব্যবহারের উপযোগী করে তুলতে তাড়াহুড়ো করতে চাইছে না Apple। সংস্থার নতুন ল্যাপটপে টাচস্ক্রিনের সুবিধা থাকলেও অপারেটিং সিস্টেমে বড় কোনও পরিবর্তন আনা হয়নি। বরং ধাপে ধাপে এই প্রযুক্তির সঙ্গে macOS-কে মানিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। আগামী বছর macOS 28-এর সঙ্গে আরও কিছু পরিবর্তন আসতে পারে।
macOS-এ ধীরে ধীরে যুক্ত হবে টাচ ফিচার
Bloomberg-এর সাংবাদিক ক্রিস ওয়েলচের রিপোর্ট অনুযায়ী, macOS-এ টাচস্ক্রিন ব্যবহারের সুবিধা বাড়াতে ধীরেসুস্থে এগোচ্ছে Apple। নতুন অপারেটিং সিস্টেমে টাচ ব্যবহারের জন্য বড় ধরনের ডিজাইন পরিবর্তন দেখা যায়নি। তবে মাল্টি-ফিঙ্গার জেসচারের মাধ্যমে ল্যাপটপ নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, বুধবারের ‘Pro and Tell’ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে Apple-এর এক কর্মী জানিয়েছেন, টাচস্ক্রিনের জন্য macOS-কে অপ্টিমাইজ করার কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই সূত্র ধরেই অনুমান করা হচ্ছে, আগামী বছর macOS 28 প্রকাশের সময় একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
ছোট বাটনেই টাচ ব্যবহারে সমস্যা
macOS-এ টাচস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে একটি বড় সমস্যা হল প্রতিটি উইন্ডোর উপরের বাঁ দিকে থাকা তিনটি ছোট বাটন। এগুলি সাধারণত ‘Stoplight’ কন্ট্রোল নামে পরিচিত। উইন্ডো বন্ধ করা, ছোট করা এবং পূর্ণ পর্দায় ব্যবহারের জন্য এই বাটনগুলি কাজে লাগে।
কিন্তু আকারে ছোট হওয়ায় আঙুল দিয়ে নির্ভুলভাবে এগুলিতে ট্যাপ করা কঠিন হতে পারে। এই সমস্যা সামলাতে ব্যবহারকারী টাচ করলে Apple সাময়িকভাবে তিনটি বাটনের আকার বাড়িয়ে দেয়, যাতে ভুল করে অন্য কোনও বাটনে চাপ পড়ার সম্ভাবনা কমে। যদিও রিপোর্টে এই অ্যানিমেশনকে কিছুটা ধীরগতির বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, টাচের মাধ্যমে স্ক্রিন ব্যবহার করার সময় macOS উল্লম্ব মেনুতে থাকা বিভিন্ন অপশনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। ফলে আঙুল দিয়ে নির্দিষ্ট অপশন নির্বাচন করা তুলনামূলক সহজ হয়।
নতুন MacBook Pro-তে কী কী সুবিধা?
Apple চলতি সপ্তাহে ‘Pro and Tell’ অনুষ্ঠানে তাদের প্রথম টাচস্ক্রিন MacBook Pro প্রকাশ্যে এনেছে। এতে রয়েছে নতুন PROLED XDR ডিসপ্লে এবং M5 Pro ও M5 Max চিপসেটের বিকল্প। ল্যাপটপটি ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি, দুই ধরনের ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। এতে মাল্টি-টাচ জেসচার সাপোর্টও রয়েছে।
নতুন MacBook Pro-তে সর্বোচ্চ ১০০Wh ব্যাটারি এবং Apple-এর N1 নেটওয়ার্কিং চিপ দেওয়া হয়েছে। ল্যাপটপটি macOS 27.2-এ চলবে।
ভারতে আগামী ৬ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে নতুন MacBook Pro-র। M5 Pro চিপযুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৩,৪৯,৯০০ টাকা থেকে। M5 Max সংস্করণের দাম সম্পর্কে বিস্তারিত তথ্যও বিক্রির সময় পাওয়া যাবে।
প্রথম টাচস্ক্রিন MacBook Pro বাজারে এলেও Apple আপাতত macOS-এর পরিচিত ব্যবহারের ধরন বজায় রাখতে চাইছে। তবে আগামী macOS 28 আপডেটে টাচ ব্যবহারের অভিজ্ঞতা কতটা উন্নত হয়, এখন সেদিকেই নজর প্রযুক্তি মহলের।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel.