Kalyan Banerjee: ‘অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্টস অ্যাবসোলউট’, ১৫ বছর তৃণমূল ক্ষমতায় থাকার পর বোধোদয় কল্যাণের | Kalyan Banerjee realizes absolute power corrupts absolute
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
কলকাতা: দুর্নীতির দায়ে দলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। জেলে আছেন সুজিত বসু। সদ্য হেফাজতে নেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এই আবহে দুর্নীতি নিয়ে আক্ষেপ মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। পশ্চিমবঙ্গের রাজনীতি নোংরা জায়গায় চলে গিয়েছে বলে মন্তব্য করলেন তিনি। শ্রীরামপুরের সাংসদের দাবি, এরকম কয়েকজনের জন্য দলের ক্ষতি হচ্ছে। তাঁর মতে, খুব বেশিদিন ক্ষমতায় থাকলে দুর্নীতির প্রবণতাও বাড়ে।
কল্যাণ বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতি অদ্ভুত জায়গায় চলে গিয়েছে। বড্ড নোংরা জায়গায় চলে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ৫ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিৎ নয়। অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্টস অ্যাবসোলিউট।” সেইসঙ্গে কল্যাণের আক্ষেপ, রাজনীতিতে থাকাটাও তাঁর জন্য বেদনাদায়ক হয়ে উঠছে।
দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, দলকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলের জন্য অনেক পরিশ্রম করছেন তিনি, কিন্তু কিছু মানুষের কীর্তি কলাপের জন্য দলের ক্ষতি হচ্ছে। কল্যাণ বলেন, “আমরা তো কিছু ভোগ করিনি।”
১৫ বছর দল ক্ষমতায় থাকার পর কল্যাণের এই বক্তব্য শুনে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, “ওই দলের দুর্নীতি করতে ১০ বছরও সময় লাগে না। ক্ষমতায় আসার আগে থেকেই ওরা দুর্নীতি করছে। আর আমাদের অতি বড় বিরোধীও বলতে পারবে না চুরি বা দুর্নীতির সঙ্গে দল যুক্ত ছিল।”