হাসিনার পতনের আগেই ইউনূসকে নেতৃত্বের প্রস্তাব! বিস্ফোরক দাবি প্রাক্তন প্রেসসচিবের
ঢাকা: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের আগেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য মহম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিলেন আন্দোলনকারী ছাত্রনেতারা। এমনই দাবি করলেন ইউনূসের প্রাক্তন প্রেসসচিব…
ঢাকা: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের আগেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য মহম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিলেন আন্দোলনকারী ছাত্রনেতারা। এমনই দাবি করলেন ইউনূসের প্রাক্তন প্রেসসচিব শফিকুল আলম। তাঁর বক্তব্য, ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার দু’দিন আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এই যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সংবাদ সংস্থা এএফপি-র এক সাংবাদিক।
ফেসবুকে একটি পোস্টে শফিকুল আলম দাবি করেছেন, ছাত্রনেতারা ইউনূসের কাছে পৌঁছতে একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর খোঁজ করছিলেন। সেই সময় এএফপি-র ঢাকা দফতরের ফ্যাক্ট-চেক দলের সম্পাদক হিসেবে কাজ করতেন কাদারুদ্দিন শিশির। আলমের দাবি, তিনিই প্রথমে ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে ছাত্রনেতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তার ব্যবস্থা করে দেন।
শফিকুলের বক্তব্য, গোটা প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছিল। বিষয়টি সম্পর্কে হাতে গোনা কয়েক জনই জানতেন। হাসিনা তখনও ক্ষমতায় থাকলেও নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে এই যোগাযোগ চলেছিল বলে দাবি করেছেন তিনি।
আলম আরও জানিয়েছেন, ওই সাংবাদিক আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিয়ো প্রমাণও সংগ্রহ করতে শুরু করেছিলেন। তবে তাঁর এই বক্তব্যের সমর্থনে আলাদা কোনও প্রমাণ বা সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতিক্রিয়া ওই পোস্টে উল্লেখ করা হয়নি।
হাসিনার পতন ও অন্তর্বর্তী সরকারের অধ্যায়
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলন ব্যাপক হিংসার রূপ নেওয়ার পর দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন পরে, ৮ অগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় দেড় বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল সেই প্রশাসন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি-র নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। অন্যদিকে, ২০২৫ সালে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে মামলার রায় দেয় এবং মৃত্যুদণ্ড ঘোষণা করে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করে এবং ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চায়।
শফিকুল আলমের সাম্প্রতিক দাবি, হাসিনার পতনের আগে ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের যোগাযোগের নেপথ্যে কারা ছিলেন, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
RAW-এর চর সন্দেহ, বিস্ফোরক পডকাস্ট! প্রাক্তন বাংলাদেশি বায়ুসেনা আধিকারিকের মৃত্যু ঘিরে রহস্য
হাসিনার ফেরার আগেই রহস্যমৃত্যু! ভিডিও-কাণ্ডে নাম জড়ানো বায়ুসেনা আধিকারিকের দেহ উদ্ধার