সন্ত্রাস দমনে আসিয়ান’কে ভারতের অভিজ্ঞতা শেয়ারের প্রস্তাব রাজনাথের - 24 Ghanta Bangla News
Home

সন্ত্রাস দমনে আসিয়ান’কে ভারতের অভিজ্ঞতা শেয়ারের প্রস্তাব রাজনাথের

Spread the love

নয়াদিল্লি: সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কয়েক দশকের বাস্তব অভিজ্ঞতা কোনও শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষা নয়। জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের মধ্য দিয়েই এই অভিজ্ঞতা অর্জন করেছে ভারত। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে প্রস্তুত নয়াদিল্লি। বৃহস্পতিবার ফিলিপাইনের সেবুতে ১৩তম ASEAN Defence Ministers’ Meeting-Plus (ADMM-Plus) সম্মেলনে এই বার্তাই দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৯Rajnath Singh)।

তিনি জানান, যৌথ সামরিক মহড়া, সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি এবং কার্যকর গোয়েন্দা তথ্য আদানপ্রদানের মাধ্যমে অংশীদার দেশগুলির সঙ্গে ভারতের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সম্ভব। একই সঙ্গে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

‘অপারেশন সিঁদুর’ ভারতের সন্ত্রাসবিরোধী নীতির উদাহরণ

সম্মেলনে রাজনাথ সিং বলেন, ভারতের সন্ত্রাসবিরোধী কৌশল বাস্তব পরিস্থিতিতে বারবার পরীক্ষা করা হয়েছে, পরিমার্জিত হয়েছে এবং কার্যকারিতা প্রমাণ করেছে। তাঁর বক্তব্যে উঠে আসে, ভারতের নিরাপত্তা কৌশল শুধু তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব অভিযানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

এই প্রসঙ্গে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করেন। রাজনাথের বক্তব্য অনুযায়ী, এই অভিযানের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করেছে এবং রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করেছে।

ADMM-Plus কাঠামোর অধীনে সন্ত্রাসবাদ দমনকে গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র হিসেবেও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। ২০২৪ থেকে ২০২৭ সালের জন্য সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত বিশেষজ্ঞদের কর্মগোষ্ঠীর সহ-সভাপতিত্ব করছে ভারত ও মালয়েশিয়া। এই মঞ্চের মাধ্যমে সদস্য দেশগুলির মধ্যে সমন্বয়, প্রশিক্ষণ এবং তথ্য আদানপ্রদান আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা

সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের ভূমিকার কথা তুলে ধরেন রাজনাথ সিং। তাঁর বক্তব্য, ভারতীয় নৌবাহিনী সামনের সারির যুদ্ধজাহাজ মোতায়েন করে হাজার হাজার বাণিজ্যিক জাহাজকে নিরাপদে চলাচলে সহায়তা করেছে এবং সমুদ্রে বহু ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করেছে। জাহাজের পতাকা বা জাতীয়তা নির্বিশেষে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাকে ভারতের দায়িত্বের অংশ হিসেবে বর্ণনা করেন তিনি।

রাজনাথ বলেন, বিশ্ব বাণিজ্যের সমুদ্রপথগুলি যখন বিভিন্ন আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, তখন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন কার্যকর পদক্ষেপ, নিয়মিত সামুদ্রিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা।

তাঁর কথায়, ভারত ভবিষ্যতেও ভারত মহাসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নির্ভরযোগ্য নিরাপত্তা সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ২০০৮ সাল থেকে ভারতীয় নৌবাহিনী এডেন উপসাগরের মতো ঝুঁকিপূর্ণ সামুদ্রিক করিডরে নিরবচ্ছিন্ন সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলা, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথগুলির নিরাপত্তা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি।

ASEAN-এর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় ‘Youth Bridge’-এর প্রস্তাব

ভারত ও ASEAN দেশগুলির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রাজনাথ সিং। তাঁর মতে, এই অঞ্চলের তরুণ জনগোষ্ঠীর জনসংখ্যাগত বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা পারস্পরিক অংশীদারিত্বের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

এই লক্ষ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বিশেষ ‘Youth Bridge’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, দুই অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক, ডিজিটাল উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। ADMM-Plus-এর বৃহত্তর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সহযোগিতা গড়ে তোলার কথা বলেন তিনি।

সম্মেলনের এ বছরের মূল ভাবনা, ‘Navigating Our Future, Together’। রাজনাথের মতে, এই ভাবনা ভারতের বিদেশনীতি ও প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি ‘সর্বে ভবন্তু সুখিনঃ’ আদর্শের উল্লেখ করে বলেন, বিশ্বের সব মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করার আকাঙ্ক্ষাই এই দর্শনের মূল কথা।

ভারত এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাস করে, যেখানে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব দেওয়া হয় বলেও জানান তিনি।

জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক

ADMM-Plus সম্মেলনের পাশাপাশি জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন রাজনাথ সিং। তাঁদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘JAI: Japan, Australia, India’। তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার গুরুত্বের দিকেই এই বার্তা ইঙ্গিত করে।

ASEAN-এর সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা তুলে ধরে রাজনাথ বলেন, এই অংশীদারিত্বের ভিত্তি হল অভিন্ন স্বার্থ, পারস্পরিক সম্মান এবং বাস্তব সহযোগিতা। ২০২৫ সালের অক্টোবরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ASEAN-India Defence Ministers’ Informal Meeting-এর প্রসঙ্গও স্মরণ করেন তিনি। ওই বৈঠকে ASEAN-India Comprehensive Strategic Partnership এবং ২০২৬ থেকে ২০৩০ সালের কর্মপরিকল্পনার আওতায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছিল।

২০২৬-কে সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে গুরুত্ব ভারতের

ASEAN-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ২০২৬ সালে সামুদ্রিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান রাজনাথ সিং। ভারত ২০২৬ সালকে ASEAN-India Year of Maritime Cooperation হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি দ্বিতীয় ASEAN-India Maritime Exercise-ও অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন বা UNCLOS-এর নীতিগুলি মেনে চলা এবং নৌচলাচল ও আকাশপথ ব্যবহারের স্বাধীনতা রক্ষা করা ভারতের নীতির গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বক্তব্য অনুযায়ী, এই অবস্থান কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং উন্মুক্ত সমুদ্রপথ এবং স্থিতিশীল সামুদ্রিক ব্যবস্থার উপর নির্ভরশীল সব আঞ্চলিক অংশীদারের স্বার্থ রক্ষাই এর উদ্দেশ্য।

সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে সামুদ্রিক নিরাপত্তা এবং যুবসমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, একাধিক ক্ষেত্রে ASEAN দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছে ভারত। রাজনাথ সিংয়ের বক্তব্যে স্পষ্ট, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগ, বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

Defence News-এর সর্বশেষ আপডেট।  ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক মহড়া, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির খবর পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *