‘কেউই ছাড় পাবেন না…’ , রাস্তায় বেআইনি পার্কিং আটকাতে হুঁশিয়ারি বিধায়কের
শুক্রবার মেমারি স্টেশন রোডে স্বচ্ছতা অভিযানে নামে পুলিশ। স্বচ্ছতা অভিযানে যোগ দেন মেমারির বিধায়ক মানব গুহ-ও। তখনই তিনি লক্ষ্য করেন নিউ মার্কেট এলাকায় সংকীর্ণ রাস্তায় দাঁড় করানো আছে গাড়ি। নিজের দোকানের সামনে ওই গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন বিজেপির মেমারি নগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধারা। তাঁর ছেলে যুব মোর্চার নেতা। ওই গাড়িতে লাগানো ছিল বিজেপির যুব মোর্চার বোর্ড। রাস্তায় ওই গাড়ি পার্ক করা দেখেই মেজাজ হারান বিধায়ক। সুর সপ্তমে তোলেন তিনি। সেই সঙ্গেই সতর্ক করে দেন বিধায়ক। তিনি বলেন,‘আগেও সতর্ক করে গিয়েছি। এটাই লাস্ট ওয়ার্নিং। এর পরে এখানে গাড়ি রাখা হলে।পুলিশ কাঁটা লাগাবে। তাতেও কাজ না হলে টায়ার খুলে নিয়ে যাবে। দোকান খোলা বন্ধ হয়ে যাবে। যত বড় নেতাই হোক, নেতা, মন্ত্রী সাংসদ যে-ই হোক, ছাড় পাবেন না।’ ওই গাড়ির মালিককে তাঁর অফিসে দেখা করতেও বলেন তিনি।