Kalyan Banerjee: ‘এরা ব্যবসা করতে এসেছিল…ইন্দ্রনীল শেষ পাঁচ বছরে কোনও কথাই শুনত না’, মন্তব্য কল্যাণের | MP Kalyan Banerjee Breaks Silence on Indranil Sen Arrest
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনImage Credit: Tv9 Bangla
কলকাতা: পুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen)। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে তথ্য ও সংস্কৃতি দফতরের কোটি কোটি টাকার সরকারি টেন্ডার দুর্নীতিরও অভিযোগ ঘটেছে। এই নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবার এই ঘটনায় মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর কথায়, এই ধরনের অভিযোগ তাঁদের কাছে বেদনাদায়ক। পাশাপাশি, রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার নিয়েও সরব হয়েছেন তিনি। একইসঙ্গে সাংসদের বিস্ফোরক অভিযোগ, গত পাঁচ বছর ধরে কোনও কথাই শুনতেন না ইন্দ্রনীল সেন।
কী বলেছেন কল্যাণ?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগটা সত্যিই আমাদের কাছে খুব বেদনাদায়ক। আমরা তো সততার সঙ্গে রাজনীতি করেছি। আমরা মানে আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁদের কাছে এটা বড় বেদনাদায়ক।” তাঁর বক্তব্য, মন্ত্রী, জেলা পরিষদ, পুরসভা কিংবা পঞ্চায়েত—যাঁরা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন, তাঁদের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ সামনে আসছে। অন্যদিকে, যাঁরা ক্ষমতাহীন ছিলেন, তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই বলেই দাবি করেন তিনি।
‘ইন্দ্রনীল সেন কোনও কথাই শুনত না’
তৃণমূল সাংসদের কথায়, বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে রাজনীতি করেন। তাঁদের অনেকেই কোনও ব্যক্তিগত স্বার্থ নিয়ে রাজনীতিতে আসেননি। কিন্তু কিছু মানুষ রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ কল্যাণের। তাঁর কথায়, “এরা কোনও রাজনীতি করতে আসেনি। এরা ব্যবসা করতে এসেছিল।” এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গত পাঁচ বছরে ইন্দ্রনীল সেন তাঁর কোনও কথাই শুনতেন না। সাংসদ আরও বলেন, “আমি বিশ্বাস করি, কোনও রাজনৈতিক দলের পাঁচ থেকে দশ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়।”