Durgapur City Centre: সিটি সেন্টারের সামনে আসতেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী মহিলা | One man snatch bag from woman city centre durgapur West bengal
দুর্গাপুর: বুধবার সন্ধে নাগাদ বেরিয়েছিলেন। ঠিক সেই সময় ভয়ঙ্কর ঘটনা। আচমকা মহিলার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সিটি সেন্টার এলাকায় এমন ঘটনায় চিন্তিত শহরবাসী।
ঠিক কী ঘটেছে?
বুধবার সন্ধ্যেয় দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় এক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রেহাই পেল না অভিযুক্ত। ধাওয়া করে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ।
ম্যাক্সমুলার পথ এলাকায় মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালিয়ে যায় অভিযুক্ত।
সেই সময় কর্তব্যরত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের বিষয়টি নজরে আসতেই বাইকটির পিছু ধাওয়া করে। পুলিশ ধাওয়া করেছে টের পেয়ে CMERI টাউনসিপ সংলগ্ন সোনারতরী এলাকায় ছিনতাই করা ব্যাগটি ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপরও তার পিছু ছাড়েনি পুলিশ। অবশেষে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশকর্মীরা। ধৃতের বাইকটিও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ তাহেরউদ্দিন। সে দুর্গাপুরের পলাশডিহা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। যে মহিলার ব্যাগ ছিনতাই হয়েছে, সেই মিতা হালদার বলেন, “আমি ফুল কিনে আসছিলাম। তখনই আমার হাত থেকে ব্যাগ হঠাৎ করে ছিনিয়ে চলে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা। ভাবতেই পারছি না।”