Abhishek Banerjee: ‘পুলিশের নাম নোট করে রাখছি, আমাদের সরকার এলে কাউকে রেয়াত করব না’, হুঁশিয়ারি অভিষেকের | MP Abhishek Banerjee Warns Police Officers, Says None Will Be Spared If Government Changes
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Facebook
কলকাতা: শুভেন্দু অধিকারীর পুলিশকে এবার হুঁশিয়ারি দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে একাংশের পুলিশ আধিকারিক তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যাঁরা কাজ করছেন, সরকার বদলালে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। এমনকী, প্রত্যেকের নাম চিহ্নিত করা রাখা হচ্ছে বলেও দাবি করেছেন অভিষেক।
বৃহস্পতিবার ঋতব্রতপন্থী কাজল শেখের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। এমনটাই অভিযোগ করেছেন হাসনের বিধায়ক। অন্যদিকে, এদিন সন্ধেবেলাতেই বিধায়কের বীরভূমের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন,”শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা থাকবেন, কাজল শেখ সমর্থন জানিয়েছেন বলে তাঁর বাড়িতে তাণ্ডব করা হচ্ছে। নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়া হয়েছে। যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে কাজ করবেন, প্রত্যেক অফিসারকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সরকার যখন বদলাবে তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভাবেন কারও পায়ে এসে পড়বেন, আর বেঁচে যাবেন, কেউ বাঁচাবে না। তার দায়-দায়িত্ব আমার।”
আপ্ত-সহায়ক সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গে তুলে ফের শুভেন্দু পুলিশকে নিশানা করেন অভিষেক। বলেন, “আমার বিরুদ্ধে তিরিশটা মামলা করেছে, আরও করুন। ক্ষমতা থাকলে দমিয়ে দেখান। ভাবছেন জেলে রেখে জব্দ করবেন। আমার আপ্ত সহায়ককে মিথ্য়ে মামলায় দুই-তিন মাস আটকে রাখা হয়েছে দুই -চারটে পুলিশ-অফিসার দিয়ে, তাঁদের বলা হয়েছে পুরষ্কৃত করা হবে। যারা তারা অঙ্গুলিহেলনে চলছে, সেই পুলিশকর্মীদের বলব একএকটা নাম চিহ্নিত করে রাখা থাকল। য়াঁরা ভাবছেন মুখ্যমন্ত্রীকে খুশি করে ভালো ভালো পোস্টিং পাব । দুই বছরে কার কী পরিণতি হয়, আমিও দেখব আপনারাও দেখবেন। কেউ রেয়াত পাবেন না। যাঁরা হাজার হাজার তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, আগামীদিনে একটা পুলিশ অফিসারকেও রেয়াত করবে না আমাদের সরকার।”
এই নিয়ে অভিষেককে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “ওঁকে বলুন ডায়মন্ড হারবারে গিয়ে বিজয়া পালন করতে।”