Cyclone Arnab: ‘অর্ণব’ আছড়ে পড়ার আগেই ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা | Cyclone Arnab effect: dam broken in at night in Basanti
বাসন্তী: অর্ণব আছড়ে পড়ার আগেই ভাঙন। বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার সজনেতলায় হোগল নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এলাকাটি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পরিস্থিতি মোকাবিলায় সেচ দফতর জেনারেটর লাইট লাগিয়ে দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা করছে। আতঙ্ক আর অন্ধকারের গ্রাসে নদীপাড়ের গ্রাম।
সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নদীবাঁধে ধস নামার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ণিমার ভরা কোটাল এবং অন্যদিকে ঘূর্ণিঝড় অর্ণবের জোড়া প্রভাবে নদীর জলস্তর হু হু করে বাড়তে শুরু করেছে, যার ফলে ইতিমধ্যেই নদীপাড়ের প্রায় ৬০ মিটার এলাকা জুড়ে বড়সড় ধস নেমেছে।
পরিস্থিতি বেগতিক দেখে এবং গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি নদীর চরে থাকা ৫টি বাড়ির পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রাত বাড়ার সাথে সাথে তীব্র আতঙ্কে গ্রামবাসী ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন। নদীবাঁধের এই ভয়াবহ রূপ দেখে গোটা এলাকা জুড়েই এখন চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।