সুতাহাটায় যাত্রিবাহী বাসের চাকা ফেটে দুর্ঘটনা
পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রিবাহী বাস। বুধবার সকালে হলদিয়া টাউনশিপ থেকে কুঁকড়াহাটি যাচ্ছিল ওই বাসটি। হঠাৎ সুতাহাটা থানা এলাকার চকলালপুরের কাছে বাসের সামনের চাকা ফেটে যায়। কিন্তু চালক অত্যন্ত দক্ষতার সঙ্গে বাসটিকে রাস্তার পাশের পাঁচিলে ঠেকিয়ে থামিয়ে দেন। পাশে নয়ানজুলি থাকলেও চালকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। সুতাহাটা থানার পুলিশ গিয়ে বাস ও যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।