ঝড়ের আগেই ভিজল উপকূল! সাইক্লোন ‘অর্ণব’-এর আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের
কলকাতা: সাইক্লোন ‘অর্ণব’-এর দাপটে উত্তাল বাংলার উপকূল। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। মাত্র ৬ ঘণ্টার মধ্যে তীব্র…
কলকাতা: সাইক্লোন ‘অর্ণব’-এর দাপটে উত্তাল বাংলার উপকূল। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। মাত্র ৬ ঘণ্টার মধ্যে তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া এই সাইক্লোনের প্রভাবে রাতের ঘুম উড়েছে সুন্দরবনের কুলতলি সহ একাধিক উপকূল এলাকার মানুষের। প্রশাসন ও আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাগাতার সতর্কবার্তা জারি করা হয়েছে।
আয়লা, আমফান, বুলবুল কিংবা ইয়াসের মতো বিগত ঘূর্ণিঝড়ের ক্ষত এখনও তাজা সুন্দরবনের মানুষের মনে। প্রতিবারই জলোচ্ছ্বাসে নদীবাঁধ ভেঙে নোনা জলে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। নষ্ট হয়েছে বসতভিটে, ফসলি জমি ও পুকুরের মাছ। এবারও ‘অর্ণব’-এর আগমনী বার্তার পর কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাঁশ বা মাটির বাঁধ ভাঙার আশঙ্কায় বুক কাঁপছে নদীকূলের বাসিন্দাদের।
ঝড়ের প্রভাবে খড়্গপুরে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। অন্যদিকে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে দাঁতনের একাধিক এলাকা। রামনগর এবং পটাশপুরেও বৃষ্টির দাপট শুরু হয়েছে। পর্যটক ও স্থানীয়দের সমুদ্রে নামতে নিষেধ করে দিঘার সমুদ্র সৈকতে লাগাতার মাইকিং চালাচ্ছে প্রশাসন।
কলকাতাসহ অন্যান্য জেলার আকাশেও দুর্যোগের মেঘ৷ ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কলকাতা ও হাওড়াতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্ধ্র ও ওড়িশায় লাল সতর্কতা, দুশ্চিন্তায় মৎস্যজীবীরা
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, পুরীতেও আজ ও কাল ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। জলোচ্ছ্বাসের ভয়ে নদীতে বাঁধা নৌকাগুলি সুরক্ষিত রাখাই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। এক একটি প্রাকৃতিক দুর্যোগ এই এলাকার মানুষের জীবিকা ও সর্বস্ব কেড়ে নেয়। ফলে নতুন করে এই সাইক্লোনের ত্রাসে প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছে গোটা উপকূল অঞ্চল।
‘দিল্লিতে রেকর্ড ঠান্ডা, হিমাচলেও পারদ নামল মাইনাস…এবার কি বাংলাতেও জাঁকিয়ে শীত?’
‘পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা…’গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল অভিযুক্তকে এনকাউন্টার