কুনোর ‘ভারতীয়’ চিতা মারাত্মক জখম, পিছনে চোরাশিকারিরা?
শিলাদিত্য সাহা
মাত্র তিন মাসের ব্যবধান। আবার চোরাশিকারের ছায়া কুনোয়!
গত জুলাইয়েই কুনোর চিতা ল্যান্ডস্কেপ থেকে ১০টি লেপার্ডের চামড়া উদ্ধার ও সেই ঘটনার তদন্তে ৭ জন চোরাশিকারি গ্রেপ্তার হয়েছিল। তখনই আশঙ্কা করা হয়েছিল, চোরাশিকারিদের পরবর্তী টার্গেট চিতা নয় তো? ঘটনা হলো, রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের মোরেনায় পাহাড়পুর এলাকায় মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতের মাটিতে জন্মানো একটি পুরুষ চিতাকে। কুনো ন্যাশনাল পার্কের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, ২৫ অক্টোবর সন্ধ্যায় মাদি চিতা নিরভার ১৯ মাস বয়সি পুরুষ শাবকটিকে জখম অবস্থায় পাওয়া যায়। তাকে রাতেই কুনোর পশু চিকিৎসালয়ে আনা হয়েছে। কী ভাবে চিতাটি জখম হলো, তার পিছনের কারণ হিসেবে কোনও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কুনো কতৃর্পক্ষ। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।