‘আইন ভাঙলে এমনই পরিণতি হবে…’ গাইঘাটা এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের - 24 Ghanta Bangla News
Home

‘আইন ভাঙলে এমনই পরিণতি হবে…’ গাইঘাটা এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের

Spread the love

কলকাতা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের এনকাউন্টার নিয়ে রাজ্য রাজনীতিতে সুর চড়ল। বারুইপুরের পর এবার গাইঘাটায় পুলিশের বন্দুক ছিনিয়ে…

কলকাতা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের এনকাউন্টার নিয়ে রাজ্য রাজনীতিতে সুর চড়ল। বারুইপুরের পর এবার গাইঘাটায় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা এবং পরবর্তীতে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনাকে সমর্থন জানিয়ে কড়া বার্তা দিলেন প্রবীণ নেতা দিলীপ ঘোষ। অপরাধীদের মনে ভয় ধরাতে পুলিশের এই ধরনের ‘কঠিন পদক্ষেপ’কে এক প্রকার জরুরি বলেই উল্লেখ করেছেন তিনি।

গাইঘাটার এনকাউন্টারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সাফ জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আইন অমান্য করলে এমনই পরিণতি হওয়া উচিত। তাঁর কথায়, “এর আগেও এমন ঘটনা ঘটেছে। খুনি পালাচ্ছিল, এনকাউন্টার হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, এখানেও হয়েছে। বিচারের সামনে সবাইকে আনতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি আইন অমান্য করে, তবে তার সঙ্গে এমনই হওয়া উচিত।”

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নারী সুরক্ষায় শূন্য সহনশীলতার বার্তা দিয়ে ‘সকালে জমা, বিকেলে খরচ’-এর মতো কড়া মন্তব্য করেছিলেন। সেই সুরেই গলা মিলিয়ে দিলীপ ঘোষের দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলার সঠিক পরিবেশ না থাকায় অপরাধীদের মনে কোনো ভয় ছিল না। সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছিল বলে মন্তব্য করে তিনি বলেন, “মানুষ পুলিশের ওপর ভরসা রাখতে ভুলে গিয়েছে। সেই ভরসা ফিরিয়ে আনতে গেলে পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে।”

তাঁর মতে, সমাজে সুবিচার ও সঠিক পরিবেশ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, যাতে কেউ অপরাধের পথ না মাড়ায়। পাশাপাশি, কেউ অপরাধ করলে তার সাজা বা পরিণতি এমন হওয়া উচিত, যা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদের মনে ত্রাস সৃষ্টি করবে। গাইঘাটার এই ঘটনার পর রাজনৈতিক মহলে এনকাউন্টার নিয়ে বিতর্ক ও জল্পনা তুঙ্গে উঠলেও দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের তরজাকে আরও উসকে দিয়েছে।

‘পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা…’গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল অভিযুক্তকে এনকাউন্টার

কর্মসংস্থানে জোর আদানি গোষ্ঠীর উদ্যোগে বাংলা জুড়ে স্কিল ট্রেনিং সেন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *