Sperm Freezing: মেয়েদের ডিম্বাণুর মতো ছেলেরাও কি নিজেদের স্পার্ম ফ্রিজ করতে পারেন? কত দিন ভালো থাকবে শুক্রাণু? | Can men freeze sperm sperm banking duration process cost - 24 Ghanta Bangla News
Home

Sperm Freezing: মেয়েদের ডিম্বাণুর মতো ছেলেরাও কি নিজেদের স্পার্ম ফ্রিজ করতে পারেন? কত দিন ভালো থাকবে শুক্রাণু? | Can men freeze sperm sperm banking duration process cost

Spread the love

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি ডিম্বাণু ফ্রিজ করেছেন। এমনকী, এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও ফাঁস করেছেন তিনি। তনিশার কথায়, মনের মতো পুরুষ মানুষ না পেলে, তিনি মা হবেন না। আর সেই কারণেই ডিম্বাণু ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তনিশার এই বক্তব্যকে টেনে সোশাল মিডিয়ায় নানা চর্চা। আর তার মাঝেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, মেয়েদের ডিম্বাণুর মতো কি ছেলেরা তাঁদের শুক্রাণুও ফ্রিজ করতে পারেন?

ছেলেদের শুক্রাণু ফ্রিজ করার কথা উঠলেই চলে আসে, আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনারের কথা। সেখানে দর্শক দেখেছিলেন আইভিএফের জন্য কীভাবে স্পার্ম জমা রাখা হয়। তবে সেই ছবিতে নিজের ইচ্ছায়, বা ভবিষ্যতে বাবা হওয়ার কথা চিন্তা করে স্পার্ম ফ্রিজ করছেন, এই বিষয়টিকে ফোকাস করা হয়নি। এবার প্রশ্ন স্পার্ম ফ্রিজ করবেন কীভাবে, কতদিন ফ্রিজ করে রাখা যায়?

অনেকেই কেরিয়ার, ব্যক্তিগত পছন্দ কিংবা অন্যান্য কারণে দেরিতে বাবা হতে চান। আবার অনেকে ক্যানসার বা অন্যান্য জটিল চিকিৎসা ও ঝুঁকিপূর্ণ পেশা, যেমন নৈসেনা, বিমানসেনার মতো পেশায় যুক্ত হওয়ার আগে ভবিষ্যৎ বংশধর সংরক্ষণের কথা ভেবে থাকেন। ঠিক এই কারণেই চিকিৎসাবিজ্ঞানে জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্পার্ম ব্যাংকিং’ (Sperm Banking) বা শুক্রাণু সংরক্ষণ পদ্ধতি, যা ক্রায়োপ্রিজারভেশন (Cryopreservation) নামেও পরিচিত। আসুন জেনে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়াটি ঠিক কীভাবে কাজ করে।

কাদের জন্য প্রয়োজন স্পার্ম ফ্রিজ?

শুক্রাণু সংরক্ষণের বিষয়টি শুধুমাত্র শুক্রাণু দাতাদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও এর প্রচলন বাড়ছে। বিশেষ করে যাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত জরুরি, তাঁদের মধ্যে রয়েছে, টেস্টিকুলার বা প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসা শুক্রাণুর গুণমান কমিয়ে দিতে পারে বা স্থায়ী বন্ধ্যত্ব আনতে পারে। তাই চিকিৎসার আগে শুক্রাণু সংরক্ষণ অত্যন্ত বুদ্ধিমানের কাজ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের শুক্রাণুর ঘনত্ব, আকার ও গতিশীলতা কমতে শুরু করে। এক্ষেত্রে সন্তানের মধ্যে নানা জিনগত জটিলতার ঝুঁকিও বাড়ে।

রাসায়নিক যুক্ত কর্মক্ষেত্র, সামরিক বাহিনীতে কর্মরত ব্যক্তিরা বা দুর্ঘটনাপ্রবণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেকেই আকস্মিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে স্পার্ম ফ্রিজ করে থাকেন। ভবিষ্যতে যদি কেউ আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত বদল করেন, সে ক্ষেত্রে আগে থেকেই শুক্রাণু জমিয়ে রাখা হয়। এ ছাড়া টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বা আইভিএফ (IVF) চিকিৎসার আগেও অনেকে এই পদ্ধতি বেছে নেন।

শুক্রাণু সংরক্ষণের প্রক্রিয়াটি কেমন?

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শুক্রাণু সংগ্রহের ১ থেকে ২ ঘণ্টার মধ্যে তা প্রক্রিয়াজাত করা উচিত। এই পুরো প্রক্রিয়াটির প্রধান ধাপগুলি হল,
১.শুক্রাণু জমা করার আগে রক্ত পরীক্ষার মাধ্যমে যৌনবাহিত রোগ (STIs) বা অন্যান্য সংক্রমণ পরীক্ষা করা হয়। পাশাপাশি বেশ কিছু চুক্তি ও আইনি নথিপত্র পূরণ করতে হয়।
২. নমুনা জমা দেওয়ার ২-৩ দিন আগে যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে বলা হয়। ক্লিনিকে বা ল্যাবে গোপনীয়তার সঙ্গে এই নমুনা সংগ্রহ করা হয়।
৩. সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখা হয় শুক্রাণুর সংখ্যা ও গুণমান কেমন। এরপর বিশেষ তরল নাইট্রোজেনের মাধ্যমে অত্যন্ত কম তাপমাত্রায় সেগুলিকে ভায়ালে ভরে সংরক্ষণ করা হয়।

শুক্রাণু কত বছর পর্যন্ত ভালো থাকে?

বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে শুক্রাণু দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারে। আধুনিক ক্রায়োপ্রিজারভেশন প্রযুক্তির কারণে হিমায়িত শুক্রাণুর কার্যকারিতা তাজা শুক্রাণুর মতোই সমান কার্যকর থাকে। তবে এই প্রক্রিয়া শুরুর আগে সংশ্লিষ্ট উর্বরতা বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

তথ্য সৌজন্যে- Healthline.Com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *