Shah Rukh Khan: ‘খুনী নই, আমি প্রেমিক!’, ঝড় তুললেন ‘কিং’ শাহরুখ, নতুন কী ঘটতে চলেছে? | Shah Rukh Khan Unveils New Poster of KING
মঙ্গলবার সকাল সকাল সোশাল মিডিয়ায় ঝড় তুললেন বলিউডের কিং শাহরুখ। যে খবরের জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন শাহরুখের অনুরাগীরা। শেষমেশ, সেই খবর এল খোদ শাহরুখের ঘর থেকেই। সোশাসল মিডিয়ায় শাহরুখ জানিয়ে দিলেন তিনি আসছেন, কিং আসছে!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বহু দিন ধরেই খবরে ছিল পাঠান, জওয়ান, ডাঙ্কির পর ফের লম্বা ব্রেক নিয়ে শাহরুখ নতুন কোনও ধামাকা করতে চলেছেন। খবর ছিল সেই ধামাকার নাম কিং। যে ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা, দীপিকাও। এমনকী, শোনা যাচ্ছে, ছোট্ট চরিত্রে নাকি দেখা যাবে রানি মুখোপাধ্য়ায় ও অভিষেক বচ্চনকেও। কয়েক মাস আগে এই ছবির টিজারও ঝড় তুলেছিল সোশাল মিডিয়ায়। নতুন চুলের ছাঁট, নতুন স্টাইলে ষাট বছর বয়সেও শাহরুখ যে নতুন প্রজন্মের নায়কদের চ্য়ালেঞ্জ ছুড়ে দিতে পারে, তার আন্দাজ পাওয়া গিয়েছিল সেই টিজারেই। তবে এত কিছুর পরেও, কিং ছবি কবে মুক্তি পাবে, তা অবশ্য জানানো হয়নি ‘কিং’ ছবির টিমের পক্ষ থেকে। এবার সেই শাহরুখের পক্ষ থেকেই এল বিশাল সারপ্রাইজ।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর। কিং-এর নতুন পোস্টার প্রকাশ্যে এনে মুক্তি তারিখ জানিয়ে দিলেন শাহরুখ।
এক সাক্ষাৎকারে চরিত্রটি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “কিং-এর চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয়। সিদ্ধার্থ এবং সুজয় ঘোষ প্রচুর ভালোবাসা নিয়ে এটি লিখেছেন। এই চরিত্রের মধ্যে এক ধরনের আসুরিক বা খল অনুভূতি রয়েছে। সে একজন খুনি, মানু্ষ খুন করাই তার কাজ। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমার নানা ধরনের চরিত্রে অভিনয় করা উচিত— কিছু অনুপ্রেরণাদায়ক, কিছু কমেডি, আবার কিছু রোমান্টিক। বর্তমানে আমি সেটাই করার চেষ্টা করছি। আমি এখন বছরে বা দু’বছরে একটা বড় প্রজেক্টই করি, কারণ সিনেমা বানানো ইদানীং খুবই কঠিন কাজ। তাই সতর্কভাবে কাজ করা দরকার যাতে দর্শক হতাশ না হন।”
চরিত্রের ডার্ক শেড নিয়ে শাহরুখ আরও যোগ করেন, “এটা ভিলেনের চরিত্র কি না তা বড় কথা নয়, তবে চরিত্রটি ভীষণ অন্ধকার ও নৃশংস। ‘টাইটেল রিভিল’ ভিডিওর প্রতিটি সংলাপে চরিত্রটির এই নির্মমতা স্পষ্ট ফুটে উঠেছে। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। তবে এর মানে এই নয় যে, পর্দায় সে যা করছে আপনাদেরও বাস্তবে তা-ই করতে হবে!”
বড়দিনের ঠিক মুখে শাহরুখের এই গ্যাংস্টার অবতার সিনেপ্রেমীদের জন্য যে এক বিরাট উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য।