ট্রাক হাইজ্যাকের চেষ্টা! নতুন দ্বন্দ্বে দুই তৃণমূল
এর আগেই এ দিন ভোর ৪টে নাগাদ ঋতব্রত এক্স হ্যান্ডলে অভিযোগ করেন, যে ট্রাকে তাঁদের হলফনামা ও নথি দিল্লি যাচ্ছিল, তা হাইজ্যাকের চেষ্টা হয়। যদিও দুষ্কৃতীদের সেই চেষ্টা সফল হয়নি। ঋতব্রত লিখেছেন, ‘কালীঘাটের হলফনামা চার্টার্ড ফ্লাইটে করে ২৫ তারিখ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের নথি নিয়ে কর্মীরা ২৪ তারিখ সকালে দিল্লি রওনা দেন। যে ট্রাকে এই নথি যাচ্ছিল, সেই ট্রাক থেকে নথি ছিনতাইয়ের চেষ্টা হয়। আমাদের কর্মীরা প্রতিরোধ করেছেন। চার্টার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূল স্তরের কর্মীদের দৃঢ় প্রত্যয়ের লড়াই চলবে।’ ‘গণতান্ত্রিক তৃণমূলে’র কোষাধ্যক্ষ আখরুজ্জামান এই চেষ্টার নেপথ্যে কালীঘাটের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। বিধানসভার বিরোধী সচেতকের কথায়, ‘কালীঘাটপন্থীরা আমাদের লরিকে ফলো করে এবং হরিয়ানা বর্ডারে হাইজ্যাক করার চেষ্টা করে। আমাদের যে দলীয় কর্মী লরিতে ছিলেন, তাঁদের নামিয়ে লরি হাইজ্যাকের চেষ্টা হয়, যাতে আমরা নথি কমিশনে জমা দিতে না–পারি। পুলিশের সহযোগিতায় আমরা লরিকে দিল্লিতে নিয়ে যেতে পেরেছি।’ যদিও পুলিশের একটি সূত্রের দাবি, ট্রাক থামিয়ে হলফনামা কেড়ে নেওয়ার চেষ্টা নিয়ে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি।