বিধ্বংসী আগুন জম্মুর শিব মার্কেটে, পুড়ে ছাই অন্তত ৪০ দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের
বিধ্বংসী আগুনে অন্তত ৩৫ থেকে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেল জম্মুর শিব মার্কেট এলাকাতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হোটেলও। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্মু রেলস্টেশনের নিকটবর্তী শিব মার্কেট এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি বলেই খবর। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, কোনও জায়গায় শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হঠাৎই বাজারের মধ্যে একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। বাজার এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক দোকানেও।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই অগ্নিকাণ্ডের একাধিক ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন।চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক কিলোমিটার দূর থেকেও এই আগুনের শিখা দেখা গিয়েছে।
বাজারে আগুন লাগার খবর প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, কোনও একটি দোকানের মধ্যে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। দ্রুত সেই আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। একটি হোটেলও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি বলেও খবর।
তবে, পর্যটনের মরশুম শুরু হওয়ার মুখেই বড় ক্ষতির মুখে জম্মুর শিব মার্কেটের ব্যবসায়ীরা। এই বাজারে বিভিন্ন জিনিসের ব্যবসা করেই সংসার চালান অন্তত কয়েক হাজার মানুষ। রবিবারের আগুনে অনেকের দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কারও দোকান আবার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকে বহু জিনিস নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কী ভাবে এই ক্ষতি সামাল দেবেন ভেবে কূলকিনারা করতে পারছেন না ব্যবসায়ীরা।
ক্ষয়ক্ষতির পরিমাণ যে অনেকটাই, তা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক বিক্রম রান্ধোয়াও। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান।’ তিনি জানিয়েছেন, প্রশাসন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে।ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয়ে গেলে সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।