‘VIP’ পাসের জেরে মারণ-ভিড় চোরবাগানে? তদন্তে বহু ধোঁয়াশা
চোরবাগানের পুজোর নিজস্ব পাসে এ বছরের থিম, স্পনসরের নাম এবং বিশেষ হলোগ্রাম দেওয়া ছিল। প্রবেশপথ হিসেবে উল্লেখ করা হয়েছিল বিধান সরণির নাম। ওই পাসে নির্দিষ্ট কোনও দাম লেখা ছিল না। স্থানীয়দের একাংশের অভিযোগ, চোরবাগানের পুজো দেখতে বহু মানুষ ই–কমার্সের দেওয়া পাস নিয়ে হাজির হয়েছিলেন। তাঁদের হাতে লাগানো ছিল একটি ‘ব্যান্ড’। যেটা দেখালে পুজোর মণ্ডপে এন্ট্রি মিলবে বলে দাবি করা হয়েছিল সংস্থার তরফে। ঘটনাচক্রে, সপ্তমীর রাতে ওই পাস গ্রহণ করা হবে না বলে আয়োজকদের তরফে দর্শনার্থীদের জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ক্লাবের বিলি করা পাস নিয়েও হাজির হন বহু মানুষ। ফলে সরু রাস্তায় ভিড় জমে যায়। তদন্তকারীদের বক্তব্য, ‘ক্লাব এবং ই–কমার্স সাইটের ইস্যু করা পাসের জন্য সেদিন বেশি ভিড় হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলা হবে।’