টাকার বিনিময়ে ডিউটি বিক্রি! খাস কলকাতার এনআরএস হাসপাতালে ইন্টার্নদের কাণ্ডে চাঞ্চল্য
কলকাতা: খাস কলকাতার নীলরতন সরকার বা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS Medical College and Hospital)-এর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। হাসপাতালের ইন্টার্নদের একাংশ…
কলকাতা: খাস কলকাতার নীলরতন সরকার বা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS Medical College and Hospital)-এর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। হাসপাতালের ইন্টার্নদের একাংশ ডিউটি এড়াতে টাকার বিনিময়ে নিজের ডিউটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে চিকিৎসা মহলে। এই বেনিয়ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও চিকিৎসক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্রের খবর, এনআরএস মেডিক্যাল কলেজের ইন্টার্নদের একটি চ্যাট গ্রুপে দুই শতাধিক ইন্টার্ন যুক্ত রয়েছেন। অভিযোগ, সেই গ্রুপেই নিজেদের মধ্যে টাকার বিনিময়ে ডিউটি কেনাবেচা চলছে। সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশটও ভাইরাল হয়েছে (যদিও সেই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম), যেখানে দেখা যাচ্ছে— কোনো ইন্টার্ন ডিউটি করতে না চাইলে অন্য একজন সেই ডিউটি করার বিনিময়ে প্রতি ঘণ্টায় দুশো থেকে আড়াইশো টাকা করে চার্জ করছেন। ইন্টার্নদের একাংশের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের বর্তমান পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
চিকিৎসক মহলের প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিতর্ক
এই নজিরবিহীন ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন চিকিৎসকমহলের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা৷ ডা: তন্ময় মুখোপাধ্যায় (বিজেপি ডক্টর্স ফোরাম ও শাসক দলের মুখপাত্র) ঘটনাটিকে ‘অভাবনীয়’ বলে অভিহিত করেছেন৷ তিনি বলেন, বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির ফলেই এই ধরনের ঘটনা ঘটার সাহস পাচ্ছে একাংশ। ভবিষ্যতে যাতে কেউ এমন কাজ করার সাহস না পায়, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
ডা: রুদ্রনীল নন্দী (এনএমও সভাপতি) এই চরম অব্যবস্থার তীব্র নিন্দা করে প্রশ্ন তোলেন, একজনের পরিবর্তে অন্যজন ডিউটি করলে তা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনছে না? এই ঘটনা রোগী সুরক্ষার ক্ষেত্রে বড় বিপদ ডেকে আনতে পারে এবং ইন্টার্নদের শিক্ষার পরিধিও ব্যাহত করবে বলে তাঁর মত।
শুধু ইন্টার্নদের একাংশকে দোষ না দিয়ে এর নেপথ্যে থাকা থ্রেট কালচার এবং হাসপাতালের অন্যান্য ক্ষেত্রেও এই ধরনের দুর্নীতির শিকড় রয়েছে বলে অভিযোগ করেছেন ডা: উৎপল বন্দ্যোপাধ্যায় (অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস সম্পাদক)। জড়িতদের নিরাপদ আশ্রয় না দিয়ে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
অন্যদিকে, চিকিৎসকদের অন্য একটি অংশের মতে, কোনো ইন্টার্ন অনুপস্থিত থাকলে সহপাঠী বা অন্য ইন্টার্নরা সেই ডিউটি করে দেওয়াই দস্তুর, তাই এতে বড় কোনো সমস্যা নেই। তবে টাকার বিনিময়ে ডিউটি বিক্রির এই চাঞ্চল্যকর অভিযোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিতর্ক চরমে উঠেছে। এখন স্বাস্থ্যভবন বা কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।
জি আই ট্যাগ যুক্ত সুগন্ধি চালের রফতানি বাড়াতে বাংলায় ২ চাল প্রক্রিয়াকরণ কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবের আশঙ্কা! অন্ধ্র-ওড়িশা উপকূলে লাল সতর্কতা, বঙ্গে কতটা প্রভাব?