অতি প্রবল সাইক্লোন অন্ধ্রে, দুর্যোগ বঙ্গেও, শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’
বঙ্গোপসাগরে টানা দু’দিন ধরে শক্তি বাড়ানোর পর অবশেষে গভীর নিম্নচাপটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে আজ, সোমবার, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির এই নাম রেখেছে বাংলাদেশ। আগামীকাল, মঙ্গলবার, সকালের মধ্যে ওই ওয়েদার সিস্টেমটি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’–এ পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ওই ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা খুব বেশি। ওই ঝড়টির প্রভাবে চলতি সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়তে পারে বাংলাও। দক্ষিণবঙ্গে ২৮ ও ২৯ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা ৩০ অক্টোবর।