Suvendu Adhikari: পড়ুয়াদের রাষ্ট্রবাদী করতে স্কুলে বিতর্ক-কুইজ-মৃদঙ্গ-খঞ্জনি! আগামী শিক্ষাবর্ষে বড় বদলের ইঙ্গিত শুভেন্দুর | CM Suvendu Adhikari Proposes Annual Debates, Quizzes and Speech Competitions
কলকাতা: পড়ুয়াদের রাষ্ট্রবাদী করে তুলতে প্রাথমিক স্তর থেকেই স্কুলে বিতর্ক, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতা চালু করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে স্কুলে তবলা, হারমোনিয়াম, গিটার, সেতার, cর মতো বাদ্যযন্ত্রের চর্চার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তন দেখা যাবে।
স্কুলে বিতর্ক, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার পরামর্শ
শুভেন্দুর বক্তব্য, ককরোচদের রুখতে পড়ুয়াদের রাষ্ট্রবাদী করে তুলতে হবে। আর পড়ুয়াদের মধ্যে রাষ্ট্রবাদী চেতনা গড়ে তুলতে হলে প্রাথমিক স্তর থেকেই নানা ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করতে হবে। শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের বিতর্ক, কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন। প্রতি বছর অন্তত তিন দিন এই ধরনের কর্মসূচি আয়োজন করার পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি, স্কুলে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের চর্চার উপরেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, তবলা, হারমোনিয়াম, গিটার, সেতার থেকে শুরু করে মৃদঙ্গ ও খঞ্জনির মতো বাদ্যযন্ত্রের সঙ্গে পড়ুয়াদের পরিচিত করানো প্রয়োজন। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গেই ‘ককরোচ’-দের আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে তবলা-হারমোনিয়াম-গিটার-সেতার থেকে শুরু করে মৃদঙ্গ-খঞ্জনি…এই সাংস্কৃতিক প্রতিভাও প্রয়োজন। ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করানোর জন্য় প্রত্যেক বছর তিনদিন করে অন্তত বিতর্ক-কুইজ-তাৎক্ষণিক বক্তৃতা এগুলো কালচারাল ইভেন্টের মধ্যে থাকা দরকার। তাহলেই এই আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং… এই সব যে করোনা ভাইরাসের মতো চেষ্টা করছে, এদের তাহলে স্প্রে করার জন্য হিট লাগত না। এটা দরকার আছে।”
বাম ও তৃণমূলের বিরুদ্ধে তোপ
রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি প্রসঙ্গ তুলে বিগত বাম ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস হয়েছে।” এই পরিস্থিতি বদলাতে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের মধ্যে রাষ্ট্রবাদী চেতনা গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।