Jogen Chowdhury: প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী | Eminent Indian Artist Jogen Chowdhury Passes Away at 87
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ। গতকাল রাত ১০ টা বেজে ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বরেণ্য চিত্রশিল্পী যোগেন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মহাষষ্ঠীর দিন থেকে মৃত্যুর সঙ্গে আক্ষরিক অর্থেই পাঞ্জা লড়ছিলেন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন বিশিষ্ট এই শিল্পী। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে এক গভীর শূন্যতা তৈরি হল।
গত ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন যোগেন চৌধুরী। হেমাটো-অঙ্কোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। টানা ৯টি সাইকেলে কেমোথেরাপি দেওয়া হয় তাঁকে। বয়সের কারণে ক্যানসারের বিরুদ্ধে এই লড়াই বেশ কঠিন ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় রোগের আগ্রাসন কিছুটা আটকে রাখা গেলেও, মহাষষ্ঠীর দিন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। মূত্রনালীর গুরুতর সংক্রমণ এবং সেপসিসের (রক্তে বিষক্রিয়া) উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না।
যোগেন চৌধুরীর জীবনযাত্রা ছিল ঠিক তাঁর ক্যানভাসের মতোই বর্ণময় এবং সংগ্রামের। অধুনা বাংলাদেশের ফরিদপুরে এক জমিদার পরিবারে তাঁর জন্ম। দেশভাগের যন্ত্রণার সাক্ষী তিনি। ১৯৪৮ সালে সপরিবার কলকাতায় চলে আসেন। ১৯৫১ সাল থেকে তাঁদের পাকাপাকি ঠিকানা হয় ঢাকুরিয়া। ১৯৬০ সালে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। এরপর মাদ্রাজে টেক্সটাইল ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৬৫ সালে স্কলারশিপ নিয়ে শিল্পের পাঠ নিতে পাড়ি দেন প্যারিসে।
তাঁর নিজস্ব অঙ্কনশৈলী, ক্রস-হ্যাচিংয়ের কাজ এবং তুলির নিখুঁত টান তাঁকে আধুনিক ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে এক স্বতন্ত্র জায়গা করে দিয়েছিল। রঙের পাশাপাশি কালো কালির ব্যবহারে তিনি অনবদ্য এক জগৎ তৈরি করতেন। আজ সেই জাদুকরী তুলি চিরতরে থেমে গিয়েছে। বরেণ্য শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত অনুরাগী থেকে শুরু করে গোটা শিল্পীমহল।