FIFA U15 World Cup: ফুটবল বিশ্বকাপে বাঙালির গোল, লাওসকে হারিয়ে অভিযান শুরু ভারতের ছোটদের | Rishra’s Soumyajit Sarkar Scores, India Start Campaign With Win Over Laos
বাকু: বিশ্বকাপে গোল করছেন কোনও বাঙালি, এও কি কোনোদিনও ভেবেছিলেন কেউ? কিন্তু হল। ফুটবল বিশ্বকাপে গোল পেলেন রিষড়ার ১৫ বছরের সৌম্যজিৎ সরকার। ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এ দুরন্ত জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শনিবার বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে গ্ৰুপ কে-র ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল বিবিয়ানো ফার্নান্দেজ ও রণজিৎ বাজাজের প্রশিক্ষণাধীন ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক আর লালরেমরুয়াতফেলা। একটি করে গোল করেছেন অধিনায়ক ম্যাকডনিশ নাংইরাংবাম ও সৌম্যজিৎ সরকার।
নিয়ম অনুযায়ী, দুই দলেই ছিল ৮ জন ফুটবলার। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ম্যাচের সপ্তম মিনিটেই ম্যাকডনিশের গোলে এগিয়ে যায় ব্লু কোল্টস। এর ৪ মিনিট পর আবার গোল পায় ভারত। এবার গোল করেন লালরেমরুয়াতফেলা। তবে ভারতীয় দলের সেই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি। এর পরের মিনিটেই দূরপাল্লার শটে ব্যবধান কমান লাওসের অনাভিন জাইয়াসোনে। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও গোল হয়নি। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে লাওস। ২৪ মিনিটে সৌকশাভান গোল করে সমতা ফিরিয়ে দেন লাওসকে। ফলে চাপ বাড়ে ভারতের উপর। ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ভারত। সৌম্যজিতের পাস থেকে দুরন্ত বাঁ পায়ের শটে গোল করেন লালরেমরুয়াতফেলা। এর ঠিক মিনিট দুয়েক পর অর্থাৎ ৩৩ মিনিটে গেল করেন সৌম্যজিৎ। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে তাঁর দূরপাল্লার শট লাওসের গোলরক্ষককে টপকে জালে জড়িয়ে যায়। এর ফলে ৪-২ এগিয়ে যায় ভারত। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল করতে পারেনি লাওস ফলে ৪-২ জিতেই ৩ পয়েন্ট পেল ভারত।
উল্লেখ্য, এই প্রথম আয়োজিত হচ্ছে ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ। প্রতিযোগিতায় মোট ১৮৯টি দেশ অংশগ্রহণ করছে ও তাদের মোট ৩২টি গ্ৰুপে ভাগ করা হয়েছে। ম্যাচগুলি হচ্ছে ৮ জনের দলীয় ফরম্যাটে। এখানেই সম্পূর্ণ ম্যাচ হবে ৪০ মিনিটে, যার মধ্যে ২০ মিনিট করে দুটি অর্ধ। জয় দিয়ে শুরু করলেও এবার কঠিন পরীক্ষা ভারতের সামনে। আগামীকাল, রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে ভারত। একই দিনে বিকেল ৫টা ১৫ নাগাদ গ্রানাডার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরপর ২৬ তারিখ বাহরাইন ও সেনেগালের বিরুদ্ধে খেলবে ভারত। ৫ ম্যাচের ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে কোন স্তরে খেলবে ভারত, তা নির্ধারিত হবে।