বন্দে মাতরম নিয়ে জনস্বার্থ মামলা প্রাক্তন আমলার
মামলাকারীর বক্তব্য, ভারত সরকারের গত জানুয়ারি ও জুলাই মাসের নির্দেশ সংবিধানের ১৪, ১৯, ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদের (বাক্ স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা ও সমতার অধিকার) পরিপন্থী। ‘বন্দে মাতরম’–এর ছ’টি স্তবক গাওয়ার নির্দেশ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়াতে পারে এবং সংবিধানের মূল ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘ভ্রাতৃত্ববোধ’-এর উপরে আঘাত হানতে পারে। তাই সরকারের জারি করা নির্দেশ খারিজ করার আর্জি জানানো হয়েছে মামলায়। সরকারি বা অন্য অনুষ্ঠানে ছয় স্তবকের ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক না করার এবং কেউ যদি ধর্মীয় বা ব্যক্তিগত কারণে তা গাইতে অস্বীকার করেন, তবে তাঁকে যেন কোনও শাস্তি বা হেনস্থার শিকার হতে না হয়—তা নিশ্চিত করারও আর্জি জানানো হয়েছে।