কৃষিবিজ্ঞান কেন্দ্রই নিরাপদ আস্তানা ময়ূরদের
অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি
পঁয়ত্রিশ একর জায়গা। সেগুন, শিমুল, গামার, মেহগনি বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে। দেখে মনে হবে, কোনও বনাঞ্চল। ফাঁকে ফাঁকে রকমারি ফল, আনাজের খেত। আসলে বন নয়, এটাই জলপাইগুড়ি জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র। ময়নাগুড়ি ব্লকের শেষ প্রান্তে, গোরুমারা জঙ্গলের গা-ঘেঁষে রামসাই বারোহাতিতে গড়ে উঠেছে এই কেন্দ্র। আর এখন সেই কেন্দ্রই হয়ে উঠেছে শতাধিক ময়ূরের নিরাপদ আশ্রয়। দিনের বেলায় ময়ূরের পেখম মেলা নাচ, রাত গড়ালেই হাতি কিংবা লেপার্ডের আনাগোনা। কৃষিবিজ্ঞান কেন্দ্রে পা রাখলে তাই অন্য এক অনুভূতি। বছর কয়েক আগে জঙ্গলে ঝরাপাতায় আগুন লাগার পরে ময়ূর-ময়ূরীদের কাছে চা-বাগান ও ধান খেত নিরাপদ আশ্রয়ভূমি হয়ে ওঠে। পরে কিছু ময়ূরী চলে আসে কৃষিবিজ্ঞান কেন্দ্রে। সেখানে ডিম ফুটিয়ে ছানাদের বড় করে।