Suvendu Adhikari: ‘আমার কোনও পিছুটান নেই, নাজিয়াকে নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ সরকার', মন্তব্য মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Orders Enhanced Security for Nazia Elahi Khan After Pakistan Threat Claims - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘আমার কোনও পিছুটান নেই, নাজিয়াকে নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ সরকার’, মন্তব্য মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Orders Enhanced Security for Nazia Elahi Khan After Pakistan Threat Claims

Spread the love

কলকাতা: পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সম্প্রতি,  বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান দাবি করেছেন, পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, এই নিয়ে তিনি ভাবছেন না বা ভয়ও নেই। তবে, নাজিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এখানে উল্লেখ্য, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি নাজিয়াকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই আবহে মুখ্যমন্ত্রীর আশ্বাস, নাজিয়াকে পূর্ণ নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

নাজিয়ার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নাজিয়ার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “তিনি তথ্য দিয়ে অভিযোগ করেছেন। আমি ডিরেক্টর সিকিউরিটিকে নাজিয়া ইলাহির নিরাপত্তা বাড়ানোর কথা বলেছি।” মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নাজিয়ার নিরাপত্তায় আগে একজন PSO মোতায়েন ছিলেন। এবার তাঁকে তিনজন PSO দেওয়ার কথা বলা হয়েছে। নাজিয়া ইলাহি খানকে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের তরফে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

‘আমার কোনও পিছুটান নেই’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

হুমকি প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে নিয়ে সাজ্জাদ ভাট্টির লোকেরা যা বলতে চেয়েছে, বলতে দিন। আমি এগুলো ভয় করি না। আমার কোনও পিছুটান নেই। আমরা দেশের জন্য উৎসর্গ।”

নাজিয়ার বিস্ফোরক দাবি

বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের দাবি, পাকিস্তানের একটি নম্বর থেকে তাঁকে লাগাতার ফোন ও মেসেজ পাঠানো হচ্ছে। তাঁর অভিযোগ, সাজ্জাদ ভাট্টির সহযোগীদের ব্যক্তিগত নম্বর থেকে হুমকি এসেছে। হুমকির সঙ্গে ভয়াবহ ভিডিয়োও পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। নাজিয়ার বক্তব্য, এই ফোন ও মেসেজের মাধ্যমে তাঁকে, শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথকে নিশানা করার কথা বলা হয়েছে। ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের STF, উত্তরপ্রদেশের ATS এবং গাজিয়াবাদ পুলিশের আধিকারিকদের জানানো হয়েছে বলেও দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *