বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ফের নজর অন্ধ্র-ওডিশা উপকূলে
প্রাথমিক হিসেব অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে অন্ধ্রপ্রদেশ-ওডিশা উপকূলের দিকে বাঁক নিতে পারে। তবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং উপরিস্তরের বায়ুপ্রবাহের অবস্থানের উপরে গতিপথ নির্ভর করবে। তাই স্থলভাগে আছড়ে পড়ার স্থান বা শক্তি নিয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। তবে সম্ভাব্য দুর্যোগের আগেই ওডিশায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ২৬ অক্টোবর বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খুরদা, নয়াগড়, গঞ্জাম ও গজপতি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে।