লখনৌয়ের ব্যবসায়ী খুন: অবশেষে গ্রেপ্তার লিভ-ইন পার্টনার, মডেল শ্রদ্ধা, রহস্য ‘স্যর’কে নিয়েও - 24 Ghanta Bangla News
Home

লখনৌয়ের ব্যবসায়ী খুন: অবশেষে গ্রেপ্তার লিভ-ইন পার্টনার, মডেল শ্রদ্ধা, রহস্য ‘স্যর’কে নিয়েও

Spread the love

লখনৌয়ে ক্যাফে মালিক শিব শর্মার মৃত্যুর ঘটনায় তাঁর লিভ-ইন পার্টনার তথা মডেল-ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবেকে অবশেষে গ্রেপ্তার। তাঁকে মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এবং লখনৌ পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধার সর্বশেষ অবস্থান ছিল আগ্রা। এর পরে লখনৌ-আগ্রা রুটের টোল প্লাজাগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। জানতে পারে, শনিবার রাতে শ্রদ্ধা লখনৌ ফিরেছিলেন। কিন্তু পরদিন সকালেই তিনি আবার গা ঢাকা দেন। এর আগে নেপালেও চলে গিয়েছিলেন শ্রদ্ধা। সিসিটিভি ফুটেজ দেখেই তা জানতে পেরেছিলেন তদন্তকারীরা। তার সূত্র ধরে শ্রদ্ধার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কিন্তু আবার গা ঢাকা দেন তরুণী। শেষমেশ নাগপুর থেকে গ্রেপ্তার করা হলো তাঁকে।

শ্রদ্ধার খোঁজে নানা জায়গায় তল্লাশির মধ্যেই একটি অডিয়ো ক্লিপও প্রকাশ্যে আসে। সেই অডিয়ো ক্লিপের সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই অডিয়ো ক্লিপে শ্রদ্ধা ও শিবের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শোনা গিয়েছে। শিব কেন বেশি রাত পর্যন্ত বাইরে ছিলেন, তা নিয়ে ক্রুদ্ধ শ্রদ্ধা তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, তিনি গোটা বিষয়টি ‘স্যর’-কে জানাবেন। কিন্তু এই ‘স্যর’-কে, তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

আত্মগোপনে থেকে সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তাও দিয়েছেন শ্রদ্ধা। একটি ভিডিয়োয় তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অনুরোধ, ইনস্টাগ্রাম ফলোয়ার দেখে যাতে তাঁকে কোনও রাজনৈতিক নেতা বা উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে না জড়ানো হয়। শ্রদ্ধার দাবি, তিনি মোটেই পালিয়ে বেড়াচ্ছেন না। বরং, পুলিশের তদন্তে সহযোগিতাও করতে চান।

দ্বিতীয় ভিডিয়োয় শ্রদ্ধার দাবি, শিব আত্মহত্যা করেছেন। তাঁদের ৪ মাসের আলাপ। ২ মাসের সম্পর্ক। শ্রদ্ধার বক্তব্য অনুযায়ী, ৭ অক্টোবর শিব তাঁর গাড়িচালকের মাধ্যমে যোগাযোগ করে ফোনে কাঁদতে শুরু করেন। রাত ২টো নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় নিজের বিএমডব্লিউ গাড়ি নিয়ে তাঁর বাড়িতেও পৌঁছন শিব। শ্রদ্ধার দাবি, বাজারে ১৫-২০ লক্ষ টাকা দেনা ছিল শিবের। পাওনাদাররা ক্রমাগত ফোন করতেন। তার জেরে প্রায়ই আত্মহত্যার কথা বলতেন শিব।

পরে প্রকাশ্যে আসা আরও দু’টি ভিডিয়োয় গয়না চুরি নিয়ে শিবকে ‘জেরা’ করতেও দেখা যায় শ্রদ্ধাকে। একটি ক্লিপে দেখা যায়, শ্রদ্ধা শান্ত ভাবেই শিবকে প্রশ্ন করছেন, সেপ্টেম্বর বা অক্টোবরে ৩টি সোনার চেন ও একটি ব্রেসলেট চুরি করে লখনৌয়ের চক এলাকায় কোথায় বিক্রি করা হয়েছে? ৬ লক্ষ টাকা কবে ফেরত দেবেন শিব, তা-ও জানতে চান। আর একটি ক্লিপে দেখা যায়, শিব জানান, তিনি এক মাসের মধ্যে টাকা ফেরত দেবেন। জবাবে শ্রদ্ধা বলেন, টাকা না পাওয়া পর্যন্ত তাঁর গাড়ি নিজের কাছে রেখে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *