মহাঅষ্টমীতে ঐতিহ্য ও আধুনিকতার কোলাজ, ‘রেড মালার’ অর্গ্যানজ়ায় অপরূপা কাজল - 24 Ghanta Bangla News
Home

মহাঅষ্টমীতে ঐতিহ্য ও আধুনিকতার কোলাজ, ‘রেড মালার’ অর্গ্যানজ়ায় অপরূপা কাজল

Spread the love

প্রতি বছরের মতো এ বারেও মুম্বইয়ের বিখ্যাত ‘উত্তর বোম্বে সর্বজনীন দুর্গোৎসব’-এ স্বপরিবারে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। মুখার্জি পরিবারের এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো এ বার ৮০তম বর্ষে পদার্পণ করেছে। রবিবার মহাঅষ্টমীর পুজোয় কাজলকে দেখা গেল একেবারে ছিমছাম অথচ নজরকাড়া সাজে। ডিজ়াইনার ব্র্যান্ড ‘আনাভিলা’র তৈরি ‘রেড মালার’ (Red Malar) নামের একটি ক্লাসিক হ্যান্ডক্রাফটেড শাড়ি পরে মণ্ডপে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ এবং গয়নায় সকলকে তাক লাগিয়ে দেন ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র ‘সিমরন’।

তামিল ভাষায় ‘মালার’ শব্দটির অর্থ হলো ফুল। মূলত ঐতিহ্যবাহী ‘আথাঙ্গুডি’ টাইলসের কারুকার্য থেকে অনুপ্রাণিত হয়ে এই শাড়িটি ডিজ়াইন করা হয়েছে। লাল রঙের এই শাড়িতে সোনালী জারির সূক্ষ্ম জ্যামিতিক নকশা এবং তার প্রতিটি সন্ধিস্থলে হাতে বোনা ফুলের মোটিফ ফুটে উঠেছে। শাড়িটির পাটলি অংশে রয়েছে খাঁটি খাদি সিল্ক এবং আঁচলের অংশে ব্যবহার করা হয়েছে পাতলা ও হালকা অর্গ্যানজ়া কাপড়, যা সাজে এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য। শাড়িটিতে জরি, দবকা এবং পুঁতির সূক্ষ্ম এমব্রয়ডারি করা হয়েছে। এক্সক্লুসিভ এই শাড়িটির বাজারমূল্য ৮৮,৫০০ টাকা।

এই শাড়ির সঙ্গে পরার জন্য কাজল বেছে নিয়েছিলেন জমকালো ট্র্যাডিশনাল স্টেটমেন্ট চোকার নেকলেস এবং মানানসই কানপাশা। চোখে ছিল আইলাইনার। ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিকের শেড ও কপালে একটি লাল টিপ। গরমে চুল খোলা না রেখে সুন্দর করে একটি খোঁপা বাঁধা ছিল।

প্রসঙ্গত, উত্তর বোম্বে সর্বজনীন দুর্গোৎসব ১৯৪৮ সালে ফিল্মালয়া স্টুডিওর প্রতিষ্ঠাতা তথা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি, তাঁর স্ত্রী সত্যরানী মুখার্জি, জে এম ভদ্র এবং আরও ২৬ জন সদস্যের উদ্যোগে শুরু হয়েছিল। সান্তাক্রুজের ‘শ্রী মণ্ডল হল’-এ এই পুজোর প্রথম সূচনা ঘটে। পরবর্তীকালে মুখোপাধ্যায় পরিবারের নতুন প্রজন্মের হাতে এই পুজোর ব্যাটন হস্তান্তরিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *