কুমারী পুজোতে বেলুড়ের পাশাপাশি ভিড় জয়রামবাটিতেও
মাতৃমন্দিরের কুমারী পুজো
রীতি মেনে মা সারদার জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরেও হলো কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকালে এই পুজো শুরু হয়। মাতৃমন্দিরের এই কুমারী পুজো দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।
এ বার এখানে কুমারী পুজোর জন্য বেছে নেওয়া হয় বাঁকুড়া জেলারই জয়পুর ব্লকের ডিহি গ্রামের সৃজিতা ভট্টাচার্যকে। এ দিন কুমারী পুজোর আগে মায়ের পুরোনো বাড়ি থেকে সাড়ে পাঁচ বছরের সৃজিতাকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়। সেখানে তাকে দেবী রূপে পুজো করা হয়।
সৃজিতার বাবা শুভদীপ ভট্টাচার্য এবং মা ইপ্সিতা ভট্টাচার্য জানিয়েছেন, মাস চারেক আগে নিয়ম মেনে আবেদন জানিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত তাঁদের মেয়েকেই বেছে নেওয়ায় ভীষণই খুশি এবং গর্বিত তাঁরা।
জয়রামবাটির এই কুমারী পুজো দেখতে শুধু জয়রামবাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন মাতৃ মন্দিরে।