জাতীয় দলে ব্রাত্য, এ বার রঞ্জি থেকেও বাদ, সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার একাদশে নেই সামি
সার্ভিসেসের বিরুদ্ধে নেই সামি, বাংলার প্রথম একাদশে বদল
দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে ৩৫ ওভারেরও বেশি বল করেছিলেন সামি। চোট থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন ৩৬ বছরের পেসার। তাই অতিরিক্ত ধকল এড়াতে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার কোচ ও চিকিৎসকরা। টসের আগে দলের ফিজ়িয়োর সঙ্গে সামিকে দেখা যায়। তাঁর হাঁটাচলা খতিয়ে দেখার পাশাপাশি হাল্কা অনুশীলনও করেন তিনি। বাংলার প্রস্তুতির সময় কয়েকটি থ্রো-ডাউনও খেলেন সামি। তবে সার্ভিসেসের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি।
শুধু সামিই নন, এই ম্যাচে নেই মুকেশ কুমার ও আকাশ দীপও। নিউ জ়িল্যান্ড সফরের প্রস্তুতিতে তাঁরা ভারতীয় ‘এ’ দলের সঙ্গে রয়েছেন। সামির অনুপস্থিতিতে বাংলার বোলিং বিভাগে সুযোগ পেয়েছেন তাঁর ছোট ভাই মহম্মদ কাইফ এবং পেসার সূরজ সিন্ধু জয়সওয়াল। দলে ফিরেছেন অলরাউন্ডার শাহবাজ় আহমেদও। সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার প্রথম একাদশে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অঙ্কুর পাল, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ় আহমেদ, সুমন্ত গুপ্ত, অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, মহম্মদ কাইফ ও সূরজ সিন্ধু জয়সওয়াল।