বেপরোয়া জামায়াত-ছাত্ররা, অশান্তির আশঙ্কা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে - 24 Ghanta Bangla News
Home

বেপরোয়া জামায়াত-ছাত্ররা, অশান্তির আশঙ্কা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

Spread the love

এই সময়, ঢাকা: পুরানো ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রের বিরুদ্ধে দুর্গাপুজোর আগে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অভিযোগ উঠেছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে না বলে দাবি সংখ্যালঘু হিন্দু পড়ুয়াদের। আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে গোরু জবাই করে ভোজের আয়োজন করেছেন জামায়াতে ইসলামির শাখা ইসলামি ছাত্র শিবিরের অনুগামীরা।

এর আগে, গত সোমবার রাতে ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কিছু ছাত্র ক্যাম্পাসে ‘গোরু-খিচুড়ির উৎসব’ আয়োজন করেন। এর প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বী ছাত্ররা বিক্ষোভ দেখান। উত্তেজনা প্রশমনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের পশু হত্যা নিষিদ্ধ করেন। আবার নিষেধাজ্ঞার সমালোচনায় সরব হয় ইসলামি ছাত্র শিবিরের নেতৃত্বাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এর জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারির জন্য দুঃখ প্রকাশ করে নতুন বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট অবস্থান হচ্ছে— ক্যাম্পাসে পশু হত্যা-সহ যে কোনও অনুষ্ঠান উদযাপনের এক্তিয়ার সকলেরই রয়েছে। তবে একটি অনুষ্ঠান যেন অন্য কোনও অনুষ্ঠানের পথে বাধা না তৈরি করে, তা নিয়ে সচেষ্ট থাকতে হবে।

নিষেধাজ্ঞা জারির পরে পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেতৃত্বে মিছিলে পড়ুয়াদের স্লোগান ছিল— ‘শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’। অশান্তি চললেও বিএনপি সরকার কোনও পদক্ষেপ করেন‍ি বলে অভিযোগ। শিক্ষকদের একাংশের অভিযোগ, সরকার হাত গুটিয়ে থাকার কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে মাথা নোয়াতে বাধ্য হন। এই ঘটনায় সংখ্যালঘুরা যথেষ্ট শঙ্কিত বলে জানাচ্ছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *