প্যান্ডেল-প্রতিমা গড়ে তাক লাগাল খুদেরা
এই সময়, মালদা: পাড়ার কাকু ও দাদাদের দেখে মনে মনে ইচ্ছে হয়েছিল, একদিন বড়দের মতো তারাও প্যান্ডেল তৈরি করে দুর্গা মূর্তি বানিয়ে পুজো করবে। সেই মতোই মালদার ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকার চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই বালক নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করার পাশাপাশি ছোট্ট কাপড়ের প্যান্ডেল করে সবাইকে চমকে দিয়েছে।
বাড়ির সামনে রাস্তার ধারে দুই খুদে স্কুল পড়ুয়ার এমন কর্মকাণ্ডের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজেদের জমানো টাকা আর প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে প্রতিমা তৈরি থেকে মণ্ডপসজ্জা- সবটাই নিজেদের হাতে করেছে দুই খুদে।
এদের মধ্যে একজন অরিত্র মণ্ডলের বয়স ১০ বছর। সে মালঞ্চপল্লি হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। আর একজন ১১ বছরের অরূপ সিংহ, মালদা টাউন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। দু’জনের বাড়ি পাশাপাশি। দুই বন্ধু প্রতি বছর একসঙ্গে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বের হয়। সেখান থেকেই মণ্ডপ এবং প্রতিমা তৈরির স্বপ্ন বোনা শুরু।
তারা জানিয়েছে, বাজার থেকে রং ও প্রতিমা তৈরির প্রয়োজনীয় সামগ্রী কিনে এনেছে। পাশাপাশি ডেকরেটরের কাছ থেকে বাঁশ-সহ অন্য সামগ্রী এনে তৈরি করেছে মণ্ডপ। অরূপ, অরিত্র বলে, ‘বড় হয়ে আরও দক্ষ শিল্পী হয়ে এ ভাবেই দুর্গাপুজোর আয়োজন করব।’ তাদের অভিভাবক থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা দুই স্কুল পড়ুয়ার পাশে দাঁড়িয়েছেন।