‘জ্ঞানেশ কুমারকে বাঁচাতে নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ!’ মোদী-শাহকে তীব্র আক্রমণ দীপকের - 24 Ghanta Bangla News
Home

‘জ্ঞানেশ কুমারকে বাঁচাতে নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ!’ মোদী-শাহকে তীব্র আক্রমণ দীপকের

Spread the love

নয়াদিল্লি: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই মোদী সরকার সমস্ত সরকারি ক্ষমতার অপব্যবহার করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘কাকরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতা অভিজিৎ দীপকে।…

নয়াদিল্লি: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই মোদী সরকার সমস্ত সরকারি ক্ষমতার অপব্যবহার করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘কাকরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতা অভিজিৎ দীপকে। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী। এই আবহে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন অভিজিৎ দীপকে। তাঁর সঙ্গে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেহা বোরা এবং বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ।

গত বুধবারই সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গ তুলে অভিজিৎ দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনারকে বাঁচাতেই সরকার দমনপীড়ন চালাচ্ছে এবং প্রতিবাদী ও বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে সিজেপি নেতা বলেন, “দিল্লির সমস্ত যুবসমাজ এবং বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে লড়াই করছে। অথচ তাদের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা, আয়েশা, বিলাজ, ইশাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। কার জন্য? মাত্র একজন জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য!”

সরকার নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধেই এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে বলে তোপ দাগেন তিনি। কেন একজন সিইসি-কে রক্ষা করতে এত কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তোলেন ডিপকে।

ভোটের মার্জিন ও এসআইআর নিয়ে প্রশ্ন

নির্বাচন কমিশনের কাজকর্ম এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ২ শতাংশের কাছাকাছি ছিল। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার যে বিজেপিকে সাহায্য করছেন না, তার নিশ্চয়তা কোথায়, এই প্রশ্ন তোলেন তিনি।

দীপকে আরও দাবি করেন যে, এসআইআর প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশন প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দিয়েছে। এমনকি তিনি এমন মানুষের দেখাও পেয়েছেন, যাঁদের ওই সংশোধন প্রক্রিয়ার সময়ে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়েছিল।

‘ওয়ান নেশন, ওয়ান পার্টি’ এজেন্ডা এবং জরুরি অবস্থার প্রসঙ্গ

কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Election) নীতিকে কটাক্ষ করে সিজেপি নেতা বলেন এটি নিছকই একটি স্লোগান। সরকারের আসল লক্ষ্য হলো ‘এক দেশ, এক দল’ (One Nation, One Party)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, সরকার যদি এতই আত্মবিশ্বাসী হয়, তবে দেশে আনুষ্ঠানিক জরুরি অবস্থা (Emergency) ঘোষণা করে দেখাক। আন্তর্জাতিক মহলে এর কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে কি সরকারের কোনো মাথাব্যথা নেই?

তিহাড় জেলে সিজেপি নেতারা

প্রসঙ্গত, গত মঙ্গলবার যন্তর মন্তরে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ায় সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডেকে আটক করা হয়েছিল। সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়। আদালত সৌরভ ও আশুতোষকে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠিয়েছে। যদিও অজিঙ্কা শিন্ডেকে পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

পুলিশের এই দমনপীড়নের বিরুদ্ধে সিজেপি লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তবে অভিজিৎ দীপকের এই বিস্ফোরক মন্তব্য ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে পারদ চড়েছে।

‘কেউ ভয় দেখাতে পারে না!’ সুপ্রিম কোর্টে রাজনৈতিক মিছিল নিয়ে হুঙ্কার প্রধান বিচারপতির

‘পাকিস্তান থেকে টাকা নিয়ে ভারতে চক্রান্ত!’ ইমরানকে নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *