চার মাস পর কারামুক্তি, তৃণমূল নেতা সব্যসাচী দত্তের জামিন মঞ্জুর হাই কোর্টে
কলকাতা: দুর্গাপুজোর প্রাক্কালে স্বস্তিতে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। দীর্ঘ প্রায় চার মাস কারাবাসের পর অবশেষে মঙ্গলবার কলকাতা হাই কোর্ট থেকে…
কলকাতা: দুর্গাপুজোর প্রাক্কালে স্বস্তিতে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। দীর্ঘ প্রায় চার মাস কারাবাসের পর অবশেষে মঙ্গলবার কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তিকালীন জামিন পেলেন তিনি। হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই নির্দেশ দিয়েছেন।
২০১৮ সালের একটি তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। এক ব্যবসায়ীর অভিযোগ ছিল, তাঁর কাছ থেকে লোক পাঠিয়ে এক কোটি টাকা চাঁদা বা তোলা চেয়েছিল সব্যসাচীর শিবির। যদিও ওই ব্যবসায়ী অত টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন বলে দাবি করেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়।
গ্রেফতারির মাত্র ৫৭ দিনের মাথায়, গত ৫ অগস্ট বারাসত আদালতে এই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। তদন্তে নেমে রাজারহাটে সব্যসাচীর বাড়ি ও ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা। এমনকি সব্যসাচী-ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার করিমপুরের পৈতৃক বাড়িতেও রাতভর তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা বাজারমূল্যের তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছিল, যা পুলিশের চার্জশিটেও উল্লেখ করা হয়। পরে বিধাননগর উত্তর থানার এফআইআরের ভিত্তিতে এই মামলার আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখতে গত ২৩ জুন ইডি (ED)-ও প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে একটি মামলা (ECIR) রুজু করে।
অবশেষে সেই বহুল আলোচিত তোলাবাজির মামলাতেই মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ থেকে জামিন পেলেন সব্যসাচী। আদালত স্পষ্ট করে জানিয়েছে, মামলার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার শর্তেই বিধাননগরের প্রাক্তন মেয়রকে এই অন্তর্বর্তিকালীন জামিন দেওয়া হলো।
অনুমতি ছাড়াই আজ রাজপথে মমতা! শুরুতেই মিছিল শেষ করার আদেশ শুভেন্দুর
হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে ইসরায়েল! নেতানিয়াহুর প্রস্তাবে সলমনের আপত্তি