চাকরি হারালেন ‘বিতর্কিত শুটিং কোচ’, প্যারা এশিয়াডের জন্য ১৬৬ জনের দল ঘোষণা ভারতের
ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে দল গঠনের অভিযোগ
ঘটনার সূত্রপাত দল নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই। একাধিক প্যারা-শুটারের অভিযোগ ছিল, সরকারি সিলেকশন পলিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে দল গড়েছেন নটিয়াল এবং সুযোগ দেওয়ার নামে অ্যাথলিটদের কাছে আর্থিক ঘুষ চেয়েছেন। ক্ষোভে ফেটে পড়ে শুটাররা দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র প্রধান কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এমনকি ভারতীয় দলের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিনিধিদলটি সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ পেশ করে। সেই অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখেই নটিয়ালকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার।
শুধু শুটিং নয়, সাইক্লিং দল নিয়েও অসন্তোষের সৃষ্টি হয়েছিল। সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া ও প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (PCI) প্রথমে সাতজন সাইক্লিস্টের নাম প্রস্তাব করলেও ক্রীড়ামন্ত্রক নিয়মে অনড় থেকে ছয়জনকেই ছেঁটে ফেলে। একমাত্র প্যারালিম্পিয়ান আরশাদ শেখ সিলেকশন মানদণ্ড পূরণ করায় তাঁকেই একমাত্র সাইক্লিস্ট হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।