সুন্দরবন উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রীর জামাইকে ঘিরে মারধর, উত্তাল গঙ্গাসাগর
কলকাতা: দীর্ঘদিন আত্মগোপন থাকার পর এলাকায় ফিরতেই চরম গণরোষের মুখে পড়লেন সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা সুন্দরবন উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন…
কলকাতা: দীর্ঘদিন আত্মগোপন থাকার পর এলাকায় ফিরতেই চরম গণরোষের মুখে পড়লেন সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা সুন্দরবন উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন প্রধান। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কালীবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের ওপর অত্যাচার, জমি দখল এবং মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকাছাড়া ছিলেন স্বপন প্রধান। তৃণমূল কংগ্রেস শাসিত সরকারের ক্ষমতার অপব্যবহার করে তিনি সাধারণ মানুষের ওপর যথেচ্ছ অত্যাচার চালাতেন এবং বহু মানুষের জমি বেআইনিভাবে দখল করেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্বাচনের আগে এলাকার মহিলাদের উদ্দেশে কটূক্তি এবং তাঁদের খুন করার হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
রবিবার আচমকাই তিনি এলাকায় ফিরলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং মারধর করা হয়। স্থানীয় বিজেপি নেতা রাজু মণ্ডলের দাবি, অতীতে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার ও জমি দখলের যে রাজত্ব তিনি চালিয়েছিলেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে সাধারণ মানুষের এই ক্ষোভে।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
ঘটনার খবর পেয়ে দ্রুত গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতা ও আক্রান্ত স্বপন প্রধানকে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এদিকে এই গোটা ঘটনায় প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
আরও বড় হবে বার্নপুর স্টিল প্ল্যান্ট! তৈরী হচ্ছে ৮৫৪.৫৭ কোটি টাকার পেলেট প্ল্যান্ট
নিম্নচাপের কাঁটায় কি মাটি হবে পুজো? জানুন ষষ্ঠী থেকে দশমী আবহাওয়ার আপডেট