CJP Mumbai Protest: আটকের পর অবশেষে প্রেমিকা-বোনকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরলেন ইমরান, কী বলেছেন তাঁরা? | Imran khan released actor walks home safely with girlfriend lekha washington after mumbai protest detention - 24 Ghanta Bangla News
Home

CJP Mumbai Protest: আটকের পর অবশেষে প্রেমিকা-বোনকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরলেন ইমরান, কী বলেছেন তাঁরা? | Imran khan released actor walks home safely with girlfriend lekha washington after mumbai protest detention

Spread the love

অবশেষে বাড়ি ফিরেছেন ইমরান খান (Imran Khan)। শনিবার মুম্বইয়ের রাস্তায় পুলিশের প্রিজন ভ্যানে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা। প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং বোন জায়েন মেরি খানকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন তিনি।

কী বলেছেন লেখা?

থানা থেকে বেরোলেও বাড়ি ফেরার পথটা মোটেও সহজ ছিল না তাঁদের জন্য। সোশাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন লেখা নিজেই। তিনি জানান, পুলিশ তাঁদের ছেড়ে দিলেও কোনও গাড়ি বা ক্যাব ধরার অনুমতি দেয়নি। অগত্যা ভরসা নিজেদের পা। বাধ্য হয়েই অনেকটা রাস্তা হেঁটে বাড়ি ফিরতে হয় তাঁদের। একটি ভিডিয়ো বার্তায় লেখা বলেন, “আমরা একদম ঠিক আছি। সবাই সুরক্ষিত। পায়ে হেঁটেই বাড়ির দিকে এগোচ্ছি।”

আটক হওয়ার পরেও কিন্তু মেজাজ হারাননি ইমরান। উল্টে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। পুলিশের ভ্যানের ভিতর থেকে একটি ছবি শেয়ার করেন তাঁর বোন জায়েন। সেখানে দেখা যায়, ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে আঙুল দিয়ে ‘পিস সাইন’ (শান্তির চিহ্ন) দেখাচ্ছেন অভিনেতা। একটি মজার ভিডিয়োও সামনে এসেছে। সেখানে জায়েন দাদাকে জিজ্ঞেস করছেন, আগে কখনও জেল খাটার অভিজ্ঞতা আছে কি না! মুচকি হেসে ইমরানের জবাব, “এবার বোধহয় সেই সুযোগটা চলেই এল!”

কেন পথে নেমেছিলেন ইমরান?

কিন্তু হঠাৎ কেন বিক্ষোভে সামিল হয়েছিলেন ইমরান? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা স্পষ্ট জানান, কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তিনি সেখানে যাননি। মুম্বইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই পথে নেমেছিলেন। তাঁর কথায়, “আমার আলাদা করে কোনও দাবি নেই। শুধু দেখতে এসেছি, কেন সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে? কেন মানুষের গলার আওয়াজ চেপে দেওয়া হচ্ছে? এই শহরের একজন বাসিন্দা হিসেবেই আমি আজ এখানে।”

আসল ঘটনাটি কী?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি বিক্ষোভের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সেই প্রতিবাদেই সামিল হতে শনিবার অগাস্ট ক্রান্তি ময়দান এবং আজাদ ময়দান চত্বরে ভিড় করেন বহু মানুষ। ইমরান ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, এই জমায়েতের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাছাড়া আদালতের নিয়ম অনুযায়ী, মুম্বইয়ে শুধুমাত্র আজাদ ময়দানেই বিক্ষোভ দেখানো যায়। তাই বেআইনি জমায়েতের অভিযোগে তাঁদের আটক করা হয় এবং এফআইআর দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু হয়। যদিও আন্দোলনকারীদের পালটা দাবি, তাঁরা আগে থেকেই ইমেইল করে অনুমতির কথা পুলিশকে জানিয়েছিলেন। তবে দিনভর এত টানাপোড়েনের পর প্রিয় অভিনেতা সুরক্ষিতভাবে বাড়ি ফেরায় স্বস্তির শ্বাস ফেলছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *