‘কিছু কিছু মানুষের আত্মা এতটাই কুৎসিত হয়…’, নানার বিরুদ্ধে ফের বিস্ফোরক তনুশ্রী
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পরেও থামেনি ক্ষোভের আগুন। প্রয়াণের দু’দিনের মাথায় এক নতুন ভিডিয়ো বার্তা শেয়ার করে নানা পাটেকর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যুর পরে তাঁকে নিয়ে সমালোচনা করায় নেটিজ়েনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তনুশ্রীকে। এ বার প্রয়াত অভিনেতার বিরুদ্ধে কালাজাদু এবং স্লো পয়জ়ন করার চাঞ্চল্যকর দাবি তুললেন ‘আশিক বনায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে তনুশ্রী ট্রোলারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যে মানুষটা আমার পুরো জীবন শেষ করে দিল, তাকে আমি ইভিল ডেড বলেছি বলে এত ক্ষোভ? রাবণের মৃত্যুর হাজার হাজার বছর পরেও কি আমরা প্রতি বছর তার কুশপুত্তলিকা দাহ করি না? আমার ধর্ম আমাকে এটাই শিখিয়েছে। শয়তান বেঁচে থাকলেও শয়তান, আর মরার পরেও শয়তান।’ তনুশ্রী আরও যোগ করেন, ‘এই মানুষটা পৃথিবী ছেড়ে যাওয়ার সময়ও আমাকে ট্রোল করিয়ে গেল। আমাকে নরক যন্ত্রণা সহ্য করতে হলো। কিছু কিছু মানুষের আত্মা এতটাই কুৎসিত হয়। ১৩দিন তো প্রেতলোকেই থাকবে, তার পরে সোজা নরকে যাবে।’
ভিডিয়োতে নানার মৃত্যুর খবর নিয়েও তীব্র সন্দেহ প্রকাশ করেছেন তনুশ্রী দত্ত। সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের কেসের প্রসঙ্গ টেনে তনুশ্রী বলেন, ‘এদের কি সত্যিই স্বাভাবিক মৃত্যু হয়েছে? নাকি আসল ঘটনা থেকে বাঁচতে এটা পালিয়ে যাওয়ার চক্রান্ত? আমার একটু সন্দেহ হচ্ছে। কারণ ইদানীং বহু পুরোনো কেস সামনে আসছে এবং তা নিয়ে কড়া তদন্ত চলছে। সেখানে দূরদূরান্ত থেকেও যার সংযোগ রয়েছে, তার নামই সামনে আসছে।’ এখানেই শেষ নয়, তনুশ্রী আরও দাবি করেন যে নানা পাটেকর ও তাঁর সঙ্গীরা নাকি অতীতে তাঁর উপর কালাজাদু প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এমনকী তাঁর বাড়িতে পরিচারিকা পাঠিয়ে খাবারে স্লো পয়জ়ন করার চক্রান্ত করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
প্রসঙ্গত, গত ৮ই অক্টোবর গোয়ার বাসভবনে ম্যাসিভ কার্ডিয়্যাক অ্যারেস্টের পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নানা পাটেকর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিনই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তবে ২০১৮ সালের ‘মি টু’ (Me Too) আন্দোলনের সময় থেকে নানা পাটেকরের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ তনুশ্রী তুলেছিলেন, তার রেশ যে অভিনেতার প্রয়াণের পরও মেটেনি, তনুশ্রীর এই সাম্প্রতিক ভিডিয়ো বার্তায় তা আরও একবার স্পষ্ট হলো।