Jhargram News: বৃষ্টি নেই, শুকনো রাস্তাঘাট! হঠাৎ জলের স্রোত ঝাড়গ্রামে, জলমগ্ন বাড়ি-ঘর | Jhargram Flood Like Situation Without Rain: Major Water Pipeline Burst Leaves Roads and Homes Waterlogged
ঝাড়গ্রাম: টানা কোনও বৃষ্টি নেই। কিছুক্ষণ আগেও রাস্তাঘাট ছিল শুকনো। হঠাৎ করেই জলমগ্ন হয়ে পড়ে চারপাশ। ভাসছে ঘর-বাড়ির উঠোন। কোনওরকম বৃষ্টি ছাড়াই শুকনো রাস্তায় আচমকা পায়ের গোড়ালি ডোবা জল। এমনই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন ঝাড়গ্রাম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকার বাসিন্দারা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রাকৃতিক কারণে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়নি। পানীয় জলের মূল পাইপলাইন ফেটেই বিপত্তি।
হু হু করে জল বেরোচ্ছে, ভাসছে বাড়িঘর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৃপেনপল্লী এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের মূল পাইপলাইন ফেটে যায়। এরপরই প্রবল বেগে জল বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। জল ঢুকতে শুরু করে এলাকার একাধিক বাড়িতেও। ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা ধরে একইভাবে জল বেরিয়ে চলেছে। দীর্ঘক্ষণ ধরে বিপুল পরিমাণ পানীয় জল অপচয় হয়েছে। পাশাপাশি, বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এলাকার একাংশে অকাল বন্যার মতো ছবি দেখা যাচ্ছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
পাইপলাইন ফেটে যাওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেন দ্রুত মেরামতের ব্যবস্থা করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এতক্ষণ ধরে জল বেরিয়ে এলাকা প্লাবিত হলেও সংশ্লিষ্ট দফতরের তরফে তৎপরতা চোখে পড়েনি।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন মেরামত করতে হবে। একইসঙ্গে জলমগ্ন এলাকা থেকে দ্রুত জল বের করার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। পানীয় জলের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করারও আবেদন জানান তাঁরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, জল অনেকটাই নেমেছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর। এই বিষয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।