India-Bangladesh: ভারত-বাংলাদেশ সীমান্তে তুলকালাম, ভারতীয় কৃষককে অপহরণ | Some Bangladeshi kidnappers kidnap indian Farmer - 24 Ghanta Bangla News
Home

India-Bangladesh: ভারত-বাংলাদেশ সীমান্তে তুলকালাম, ভারতীয় কৃষককে অপহরণ | Some Bangladeshi kidnappers kidnap indian Farmer

Spread the love

নদিয়া: ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে ফের উত্তেজনা। সীমান্তের কাঁটাতারের ওপারে চাষের জমিতে কাজ করতে গিয়ে এক ভারতীয় কৃষক ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। অপর এক কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে নদিয়ার হোগলবেড়িয়া থানার নাসিরেরপাড়া-আয়াডাঙা সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। অভিযোগ, আয়াডাঙা সীমান্তে চোরাকারবারি আটকাতে গিয়ে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। অভিযোগ বিএসএফের গুলিতে বাংলাদেশের দৌলতপুরের সাহাজুল নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। পাল্টা গুলি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। ঘটনাটি ১৫২/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ঘটে বলে জানা গিয়েছে।

এর পরদিন শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ চাষের জমিতে কাজ করতে গিয়ে আক্রান্ত হন আয়াডাঙ্গার বাসিন্দা বিদ্বান বিশ্বাস। অভিযোগ, বাংলাদেশের দিক থেকে আসা কয়েকজন তাঁকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। গুরুতর জখম অবস্থায় ভারতীয় কৃষকরা তাঁকে উদ্ধার করেন। প্রথমে বিএসএফের অ্যাম্বুল্যান্সে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, শনিবার রাতেই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।

অন্যদিকে, ওই কৃষকের সঙ্গে থাকা কাজল ঘোষ নামে আর এক ভারতীয় কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাত ৭টা পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিএসএফের দাবি, শুক্রবার যে বাংলাদেশি ব্যক্তি আহত হয়েছেন, তিনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। জওয়ানদের বাধা উপেক্ষা করে তিনি এগিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের আক্রমণ করেন বলেও দাবি বিএসএফের। সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয় বাহিনী বলে জানানো হয়েছে। যদিও ঘটনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে আয়াডাঙ্গা-দৌলতপুর সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হলেও বিজিবি তাতে রাজি হয়নি বলে খবর।

অপহৃত কৃষক কাজল ঘোষকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, কাজল ঘোষকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে। দ্রুত কাজল ঘোষকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, গুরুতর জখম বিদ্বান বিশ্বাস কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, নিখোঁজ কৃষক কাজল ঘোষের সন্ধান ও তাঁকে ফিরিয়ে আনার দিকে তাকিয়ে রয়েছে তাঁর পরিবার। সীমান্তে পরপর দুই দিনের ঘটনায় বাড়ছে উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *